খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

মেহেন্দিগঞ্জে নির্মাণাধীন সড়কে ধস, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে নির্মাণাধীন সড়কে ধস, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা ও আশপাশের নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর, মাছের ঘের, ফসলি জমি, পানের বরজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের মেঘনার তীর ঘেঁষা আলিগঞ্জ-উলানিয়া নির্মাণাধীন সড়ক। ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৫.৫ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত এ সড়কটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি এখন যেন মরণফাঁদ।

গত শুক্রবার মেঘনার জোয়ারের চাপে রাস্তার অন্তত ১০টি স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়। বুধবার (৩০ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় বিকল্প সাকো তৈরি করে চলাচলের চেষ্টা করছেন এলাকাবাসী। প্রতিদিন অন্তত ৩০ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে স্কুল-কলেজ, মাদ্রাসা, হাটবাজার এবং উলানিয়া লঞ্চঘাটে যাতায়াত করেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাকিব বলেন, গত ২৫ জুলাইয়ের জলোচ্ছ্বাস এবং টানা বৃষ্টিতে উপজেলার অধিকাংশ উন্নয়নকাজ স্থবির হয়ে গেছে। উলানিয়া জিসি টু আলিগঞ্জ জিসি সড়ক প্রকল্পের অন্তত ৮-১০টি জায়গায় সড়ক ধসে গেছে। বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আমির ইঞ্জিনিয়ারিং’-এর প্রতিনিধি জানান, জলোচ্ছ্বাসে নির্মাণাধীন কাজের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, ‘উপজেলা প্রকৌশলীকে সড়কটি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’

উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী এবং উলানিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুল হক মিল্টন চৌধুরী বলেন, ‘সড়ক রক্ষায় দ্রুত উচ্চ গাইডওয়াল নির্মাণ ও টেকসই অবকাঠামোর দাবি জানাই।’

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।