খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

মৃত্যুর চার দিন পর পদ ফিরিয়ে দেওয়ার চিঠি এলো বিএনপি নেতার নামে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
মৃত্যুর চার দিন পর পদ ফিরিয়ে দেওয়ার চিঠি এলো বিএনপি নেতার নামে

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার চার দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বহিষ্কারাদেশের প্রত্যাহারপত্র এলো। এতে উল্লেখ করা হয়েছে, ২৪ অক্টোবর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে।

নাসিম আকন নিহত হন ২৫ অক্টোবর। গতকাল মঙ্গলবার তাঁর বহিষ্কারাদেশের চিঠি নেতাকর্মীদের কাছে পৌঁছালে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এটা দলের একজন ত্যাগী নেতার সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন তারা।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সব পদ ফিরিয়ে দেওয়া হলো।’

নাসিম আকন বরাবর লেখা এ পত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ অক্টোবর। এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, চার দিন আগের তারিখ দেখিয়ে আজ (মঙ্গলবার) এই অব্যাহতিপত্র কেন্দ্রীয় বিএনপি প্রকাশ করেছে। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে নানা মন্তব্য করেন তারা।

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার বলেন, ‘কবরে বসে দলের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে নাসিম আকনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’

নাসিম আকনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘বিএনপির মিডিয়া সেল থেকে আজই (মঙ্গলবার) তাঁর হোয়াটসঅ্যাপে নাসিম আকনের পদ ফিরিয়ে দেওয়ার চিঠি পাঠানো হয়। এর আগে তিনি বিষয়টি জানতেন না।’ পেছনের তারিখ দেখিয়ে প্রকাশ করা হয়েছে কিনা জানতে চাইলে তাঁর দাবি, ২৪ অক্টোবরেই হয়েছে। হয়তো তাঁর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এটি প্রকাশ করা হয়নি।

গত শনিবার রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাসিম আকন নিহত হন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছরের ২৫ জানুয়ারি তাঁর পদ স্থগিত করা হয়েছিল।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।