খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

মৌলিক চাহিদার কথা জানে না রঙ্গিলারা

ফিরোজ গাজী
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
মৌলিক চাহিদার কথা জানে না রঙ্গিলারা

চরবাড়িয়ার রঙ্গিলা আক্তার (১৮)। নৌকায় জন্ম, নৌকায় বেড়ে ওঠা, আর নৌকাতেই বিয়ে। মাছ ধরে সংসার চালান তিনি। তিনি বলেন, “মৌলিক চাহিদার কথা জানি না। শুধু মাছ ধরে বাঁচি।” একইভাবে, জোসনা বেগম বলেন, “জন্ম থেকে নদীই আমার ঘর। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলে না খেয়ে থাকি। কোনো সাহায্য পাই না।” বুখাইনগরের মরিয়ম বেগমের কথাও একই, “রোদ-বৃষ্টি, ঝড়-তুফান সব সহ্য করি। মাছ না ধরলে খাবার জোটে না।”

লাহারহাটের দুলাল, খোকন ও জসিম জানান, তিন পুরুষ ধরে তারা নৌকায় বাস করছেন। নদীতে মাছ কমে যাওয়া এবং মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে তাদের পরিবার প্রায়ই না খেয়ে থাকে। সরকারি কোনো সহায়তা তারা পান না।

বরিশালের চরবাড়িয়া, লাহারহাট ও বুখাইনগরের নদীতে ভাসমান নৌকায় জন্ম, বিয়ে, এমনকি মৃত্যু—এভাবেই জীবন কাটছে মানতা সম্প্রদায়ের মানুষদের। মাছ ধরে জীবিকা নির্বাহ করা এই সম্প্রদায় মৌলিক অধিকার, নাগরিক সেবা ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জন্ম সনদের অভাবে নাগরিকত্ব না থাকা, ভিটে-মাটি না থাকায় দাফনের জায়গার সংকট, এমনকি দোকান থেকে বাকিতে নিত্যপণ্য না পাওয়া—এসব সমস্যায় জর্জরিত তাদের জীবন।

মৌলিক অধিকার থেকে বঞ্চনা
মানতা সম্প্রদায়ের অধিকাংশ মানুষের জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। ফলে তারা সরকারি সেবা, যেমন স্বাস্থ্য, শিক্ষা ও ভোটাধিকার থেকে বঞ্চিত। ভিটে-মাটি না থাকায় মৃতদের দাফনের জায়গা খুঁজে পেতেও সমস্যায় পড়তে হয়। এমনকি স্থানীয় ব্যবসায়ীরা তাদের বাকিতে পণ্য দিতে চান না।

সমাজকর্মী সাইদুর রহমান পান্থ বলেন, “মানতা সম্প্রদায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। আমরা ‘এনহ্যান্সিং ইনফরমেশন অ্যান্ড ইনক্লুশন অব ফিশারফোক উইমেন’ প্রকল্পের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছি।” তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের জন্ম সনদ ও নাগরিকত্ব নিশ্চিত করার চেষ্টা চলছে।

স্বাস্থ্য সংকট ও নারীদের দুর্দশা
চন্দ্রদ্বীপ ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না জানান, “৯৩ শতাংশ মানতা নারী বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাদের জন্য স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা জরুরি।” তিনি সরকারের কাছে এই সম্প্রদায়ের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর দাবি জানান।

সরকারি উদ্যোগ
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “মানতা সম্প্রদায়ের জন্য সরকার কাজ করছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের জেলে হিসেবে তালিকাভুক্তি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।” তিনি জানান, এই সম্প্রদায়কে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার আওতায় আনতে কাজ চলমান।

পথচলার দাবি
মানতা সম্প্রদায়ের মানুষ নৌকায় জীবনযাপন করলেও তাদের স্বপ্ন একটি স্থিতিশীল জীবন। নাগরিকত্ব, স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার নিশ্চয়তা তাদের জন্য এখনো দূরের স্বপ্ন। সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগে এই সম্প্রদায়কে মূলধারায় আনার সময় এসেছে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।