খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

মাদরাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
মাদরাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এমপিওভুক্ত মাদরাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এর ব্যত্যয় হলে এমপিও বাতিলসহ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি না থাকাসহ বিভিন্ন কারণে এনটিআরসিও কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।

যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান বা নিয়মিত কমিটি নেই, সেসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধান বা এডহক কমিটি এবং এডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ, যোগদান ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নির্দেশনা প্রতিপালন না করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত)’ এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।