খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

বোরহানউদ্দিন প্রতিনিধি : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আয়া মাসুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমানবাহিনীর সদস্যরা। আজ সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিমানবাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।

পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত এবং দোয়া ও মোনাজাত করেন। পরে মাসুমার বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। একই সঙ্গে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিমানবাহিনীর পক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিমানবাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, ‘মাসুমার মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর জন্য সমবেদনা জানাচ্ছি। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা প্রয়োজন রয়েছে, আমরা তা করব। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী আন্তরিকভাবে চেষ্টা করে যাবে। আমরা তাদের পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বোরহানউদ্দিন থানার ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। এদিকে একই সময়ে ভোলা আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাসুমার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। তিনি মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল রোববার ভোররাতে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।