খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

মঠবাড়িয়ায় পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐহিত্যবাহী কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত রিয়াজকে রোববার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নিহত শিক্ষক নাছির উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানাযায়, রিয়াজের মা মারা যাওয়ার পর থেকে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন। এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে বাবার কাছে ভোগ দখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা দাবী করে মাদকাসক্ত পুত্র রিয়াজ। অবসরপ্রাপ্ত শিক্ষক নাছির উদ্দিন জমি বিক্রি করে টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে গত ১২ অথবা ১৩ জুলাই এর যেকোনো সময় তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন আকন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে নিহত শিক্ষকের একমাত্র পুত্র রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন (৬৮) চলতি বছরের ১২ জুলাই নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর পৌরশহরের বাসা থেকে ২০০ গজ দূরে শহীদ মোস্তফা খেলার মাঠের মঞ্চ থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।