খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

ভোলায় জামায়াতের ৫ দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
ভোলায় জামায়াতের ৫ দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই সনদ প্রণয়ন, বিগত সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ ভোলায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা জেলা প্রেসক্লাব চত্বরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা আমির মাস্টার জাকির হোসাইন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-২ আসনের প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, জেলা সহকারি সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আক্তার উল্লাহ, মাওলানা ইসমাইল হোসেন মনির, ভোলা সদর আমির মাওলানা কামাল হোসেন এবং জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা যে উদ্দেশ্যে হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে এবং ড. ইউনূসের নেতৃত্বে যে সরকারকে বসিয়েছে, সেই সুফল বাংলাদেশের মানুষ এখনও ভোগ করতে পারেনি। এ কারণেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি নিয়ে আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। একই সাথে তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ প্রণয়ন, বিগত হাসিনা সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারের এই ৫ দাবি বাস্তবায়নে যদি শুভবুদ্ধির ব্যত্যয় ঘটে, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আরেকটি গণঅভ্যুত্থানের ঘোষণা দেবে।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য উপ-অধ্যক্ষ এ এইচ এম ওয়ালিউল্লাহ, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, ছাত্র শিবিরের ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।