খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

ভোলায় কুড়িয়ে পাওয়া একদিনের কন্যাশিশুটি কার কোলে উঠবে

ভোলা প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
ভোলায় কুড়িয়ে পাওয়া একদিনের কন্যাশিশুটি কার কোলে উঠবে

ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলায় একদিন বয়সী এক কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেছেন অভিভাবকরা। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য কয়েকজন দম্পতি আগ্রহ প্রকাশ করেছেন। বুধবার (২৭ আগস্ট) রাতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মাদার্স স্ক্যানু ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত সেখানকার ২ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লা পুকুরপাড় এলাকা সংলগ্ন তালিমুল কুরআন মডেল মাদরাসার সামনে থেকে শিশুটির কান্নার শব্দ পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। পরে শিশুটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বিষয়টি জানাননি হলে স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. সবুজ শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করলে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তার দায়িত্বে শিশুটিকে ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে শিশুটির দায়িত্বে থাকা ব্যবসায়ী মো. সবুজ বলেন, আমাদের দুই পুত্র সন্তান রয়েছে। কন্যা সন্তান না থাকায় শিশুটিকে দত্তক নিতে আমি আগ্রহী। গতকাল রাতে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে এনেছি। আজ দুপুর নাগাদ শিশুটি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাই বাড়ি নিয়ে যাচ্ছি।

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, কে বা কারা শিশুটিকে ফেলে গেছেন সে বিষয়ে কোনো তথ্য পাইনি। গতরাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের জানানো হয় শিশুটিকে স্থানীয়রা চিকিৎসার জন্য এনেছেন। পুলিশ গিয়ে দেখতে পায় তার শ্বাসকষ্টসহ শারীরিক জটিলতা রয়েছে। শিশুটির প্রাণ রক্ষার্থে চিকিৎসার জন্য তাৎক্ষণিক স্থানীয় মো. সবুজ নামে এক ব্যক্তি দায়িত্ব নিয়ে তাকে ভোলা সদর হাসপাতালে নেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে আমি বিষয়টি ইউএনও, সমাজসেবা ও জেলা প্রবেশন কর্মকর্তাকে জানাই। শিশুটির বিষয়ে শিশু কল্যাণ বোর্ড সিদ্ধান্ত নেবে। তাকে দত্তক দেওয়া বা কারও জিম্মায় দেওয়ার দায়িত্ব শিশু কল্যাণ বোর্ডের।

এ বিষয়ে জানতে জানতে চাইলে তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি শুভ দেবনাথ বলেন, সমাজসেবা কর্মকর্তাকে আহ্বাবায়ক করে একটি উপ-কমিটি করেছি। যে দম্পতি শিশুটিকে দত্তক নিতে আগ্রহী তাদের বিষয়ে কমিটি খোঁজখবর নিচ্ছে। কমিটি যদি মনে করে আবেদনকারী ব্যক্তি দত্তক বা জিম্মায় নেওয়ার উপযুক্ত তাহলে ওই আবেদনকারীর জিম্মায় আমরা শিশুটি দেব। যদি উপযুক্ত ব্যক্তি না পাওয়া যায় সেক্ষেত্রে আইনগত ভাবে সেফহোমে রাখব।

 

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।