খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

ভালো নির্বাচনই সমাধান নয়, দরকার রাজনৈতিক দর্শনের পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
ভালো নির্বাচনই সমাধান নয়, দরকার রাজনৈতিক দর্শনের পরিবর্তন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শুধু ভালো নির্বাচন দেশের সংকট দূর করতে পারবে না। দেশের প্রকৃত পরিবর্তন ঘটাতে হলে দর্শন ও রাজনৈতিক চিন্তার পরিবর্তন জরুরি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজিত ‘সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাইয়ের রাজনৈতিক দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, অনেকে মনে করেন সুষ্ঠু নির্বাচন হলেই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে।

অথচ ইতিহাস বলছে, ১৯৭০, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। কিন্তু প্রতিবারই সরকারগুলো গণ-আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। নেতা আর দল পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ আখ্যা দিয়ে বলেন, তাদের বক্তব্যে কোনো মৌলিক পার্থক্য নেই।

জয় সাহেব মৌলবাদ বিরোধিতা করেন, তারেক সাহেবও একই কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিয়া আইনে বিশ্বাস করেন না, তবে তিনি অন্তত মুখে যা বলেন সেটাই স্পষ্টভাবে বলেন। এজন্য তাকে আমি একজন সৎ রাজনীতিবিদ মনে করি। তিনি আরো বলেন, জিয়াউর রহমান সর্বদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আর শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন।

অথচ আজ আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই ক্ষমতার দাপট, চাঁদাবাজি আর খুনোখুনির রাজনীতি চালাচ্ছে। বিএনপির নিজেদের মধ্যেই প্রায় ২০০ জন খুন হয়েছেন। প্রতীক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে জানে না, ধানের শীষ প্রতীকধারীরা ধান কাটতে জানে না। প্রতীকগুলো গরিব মানুষের, অথচ যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়।সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ জুবায়ের হোসাইন।

প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের মহাসচিব মুফতি মানসুর আহমাদ সাকী। এ ছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আলহাজ মাওলানা মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

 

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।