খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেনের সড়কসহ ২৭ দাবীতে আন্দোলনে বরিশালবাসী

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেনের সড়কসহ ২৭ দাবীতে আন্দোলনে বরিশালবাসী

ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেনের মহাসড়ক নির্মাণসহ ২৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম খান রাজনের সভাপতিত্বে ও ডাক্তার মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আকবরসহ বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। ২৭ দফা দাবিগুলো হলো-

বরিশাল সিটির বাইপাস সহ ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেনের মহাসড়ক নির্মাণ, ঢাকা-বরিশাল ডুয়েল গেজ রেল লাইন স্থাপন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ভোলার শাহবাজপুরের গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহ করা, বরিশাল বিভাগে একটি আধুনিক স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ, বরিশাল বিভাগে একটি ইপিজেড নির্মাণ, বরিশাল পোর্ট রোডস্থ মৎস্য প্রক্রিয়াজাতকরণ জোন সংস্কার ও উন্নয়ন, পাথরঘাটা মৎস্য প্রক্রিয়াজাতকরণ জোন সংস্কার ও উন্নয়ন, বরিশাল বিমানবন্দর কে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরকরণ, কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তকরণ, বরিশাল বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, বরিশাল বিভাগে কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপন করা, বরিশাল বিভাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, বরিশাল বিভাগে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, বরিশাল বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, বরিশাল শহরের খাল সমূহ পুনরুদ্ধার, খনন, সংস্কার ও দখলমুক্ত রাখা, বরিশাল বিভাগীয় শহরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপন করা, দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নের স্বার্থে-বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের শয্যা সংখ্যা ও প্রয়োজনীয় জনবল ১০০০ এ উন্নীতকরণ, বরিশাল জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা ২৫০ এ উন্নীতকরণ, বরিশাল বিভাগীয় শিশু হাসপাতাল অবিলম্বে চালুকরণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে কীর্তনখোলা নদীতে ডিসিঘাট, ফেরিঘাট সচল করা, বাকেরগঞ্জ বাউফল এর যোগাযোগ উন্নয়নে কারখানা, গোমা নদীর সেতু ও বগা সেতু নির্মাণ করা, বরিশাল সদর এর সাথে বাকেরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের স্বার্থে নেহালগঞ্জ সেতু ও গোমা সেতুর কাজ সমাপ্তি করে চালু করা, বরিশাল শহরে পানীয় জল বিশুদ্ধকরণ ও বিতরণ প্রকল্প চালু করা, স্বরূপকাঠী পেয়ারা বাগান কে কেন্দ্র করে একটি ফল প্রক্রিয়াজতকরণ শিল্পে গড়ে তোলা, ডেফুলিয়ায় খাসজমিতে বরিশাল বিশ্ববিদ্যালয় এর বর্ধিত ক্যাম্পাস নির্মাণ করা, ‘ইলিশের বাড়ি বরিশাল’ জনগুরপ্তপূর্ণ প্রকল্প গ্রহণ করা এবং খেয়ারচর হিজলাকে ইলিশের অভয়ারণ্য ঘোষণা করা, বরিশাল সদর উপজেলার ৪নং সায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী খেয়াঘাট দক্ষিণ পানবাড়িয়া এই সড়কটি দ্রুত পাকাকরণ, বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট চালু।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।