খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

বোমা বানানোর সময় বিস্ফোরনে ২ জন নিহত: অবশেষে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
বোমা বানানোর সময় বিস্ফোরনে ২ জন নিহত: অবশেষে মামলা

নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখলের জন্য ভাড়াটিয়া বোমা তৈরির কারিগরদের নিয়ে নির্জন এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরনে দুইজন নিহত হয়েছে। অবশেষে বিষয়টিকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে নিহত একজনের পরিবারের পক্ষে মোকাম বরিশাল বিজ্ঞ বিশেষ ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করা হয়েছে।

আদালতের বিচারক মামলাটি এজাহারভূক্ত করার জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় সাতজনের নামোল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে থানায় মামলাটি এজাহারভূক্ত করার পর ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করা হয়েছে।

বোমা বিস্ফোরনের পর গুরুত্বর আহত হয়ে টানা নয়দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের কামাল বেপারীর স্বজন দুলাল বালী বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেছেন, মামলার প্রধান আসামি কৌশলে তার ফুফাতো ভাই কামাল বেপারীকে ঘটনাস্থলে এনে বোমা বিস্ফোরন ঘটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। নিহত কামাল বেপারী পূর্ব তয়কা গ্রামের মৃত সেলিম বেপারীর ছেলে।

মামলার নামোল্লেখ করা আসামিরা হলো-মুলাদী উপজেলার চিঠিরচর গ্রামের মালেক শিকদারের ছেলে আব্বাস শিকদার, বিমানবন্দর থানার করমজা গ্রামের মৃত লতিফ হাওলাদারের ছেলে নুরুল ইসলাম, মুলাদীর সাহেবেরচর গ্রামের মৃত মালেক বেপারীর ছেলে আবু হানিফ, চিঠিরচর গ্রামের মৃত জোনাবালী শিকদারের ছেলে শাহিন শিকদার ও আনু শিকদার, খুনেরচর গ্রামের মৃত রশিদ বালীর ছেলে ওহিদুল বালী, তয়কা গ্রামের আমিন আকনের ছেলে লেলিন আকন।

এজাহার সূত্রে এবং মামলার বাদি দুলাল বালী জনকণ্ঠকে জানিয়েছেন, মামলার প্রধান আসামি আব্বাস শিকদারের বড় ভাই আলতাফ হোসেন ছিলেন বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহর গানম্যান। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন হাসানাত আব্দুল্লাহর প্রধান সহযোগি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র (বর্তমানে জেলহাজতে থাকা) হারিছুর রহমান হারিছ। সূত্রমতে, ভোটের মাঠে নিজের পরাজয় নিশ্চিত জেনে হারিছুর রহমান ভোটের দিন বোমা হামলা চালিয়ে প্রতিটি ভোট কেন্দ্র দখল করে ভোট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন।

সে অনুযায়ী তৎকালীন সংসদ সদস্যর গানমান্য আলতাফ হোসেনের মধ্যস্থতায় হারিছুর রহমান বিপুল পরিমান বোমা তৈরির জন্য আব্বাস শিকদারের মাধ্যমে ভাড়াটিয়া বোমা তৈরির কারিগরদের সাথে চুক্তি করে গৌরনদীতে নিয়ে আসে। আর তাদের দেখাশুনার দায়িত্ব দেওয়া হয় গৌরনদীর বার্থী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শিমুল সরদারকে। এজাহারে উল্লেখ করা হয়েছে, হারিছুর রহমানের নির্বাচনে লোক লাগবে জানিয়ে আব্বাস শিকদার তাদের গ্রামসহ অন্যান্য এলাকার লোকজনদের ও মামলার আসামিদের ওই বছরের ২৩ জুন গৌরনদীতে নিয়ে আসে। তারা ইউপি সদস্য শিমুল সরদারের বাড়িতে আশ্রয় নিয়ে ওইদিন মধ্যরাতে ধানডোবা গ্রামের ওয়াদুদ সরদারের নির্জন (বিলের মধ্যে) পান বরজের মধ্যে গিয়ে প্রধান আসামির (আব্বাস) হুকুমে অন্যান্য আসামিরা একাধিক বোমার বিস্ফোরন ঘটায়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত ও কামাল বেপারী আহত হন। পরবর্তীতে মৃত্যু নিশ্চিতের জন্য আব্বাস শিকদারের নির্দেশে কামাল বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

এরপর আব্বাসসহ কয়েকজনে ঘটাস্থলেই নিহত অজ্ঞাত মৃতের লাশ নিয়ে গুমের উদ্দেশ্যে দ্রুত স্থান ত্যাগ করার পর গুরুত্বর আহত কামাল বেপারীকে এজাহারভূক্ত দুইজন আসামি অতিগোপনে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে জখমের কারণ লুকিয়ে ভর্তি করে সটকে পরেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।