খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

বেতাগীতে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা

বেতাগী প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
বেতাগীতে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা

বরগুনা জেলার বেতাগী উপজেলার টাউনব্রিজের পূর্বপাড়, বিশেষ করে সরকারি ডাকবাংলা ও বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, টাউনব্রিজের পূর্বপাড়ের সড়কটির এক পাশে সরকারি ডাকবাংলা এবং অপর পাশে রয়েছে পাইলট উচ্চ বিদ্যালয়। এই সড়কটি বেতাগী পৌর শহরে প্রবেশের প্রধান পথ হলেও, ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি জমে যায়।

পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার অভাবই এই সমস্যার মূল কারণ বলে মনে করছেন স্থানীয়রা। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার বা উন্নয়নের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি পৌরসভা প্রশাসন। ফলে অল্প বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে চলাচল কঠিন হয়ে পড়ে। এতে করে বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বাজারের ক্রেতা-বিক্রেতা ও সাধারণ পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন।

অনেক সময় কাদায় রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বেতাগী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল হোসেন খান বলেন, ‘টাউনব্রিজের পূর্বপাড় এলাকায় উপজেলা প্রশাসনিক ভবন, ডাকবাংলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর থাকলেও এ এলাকায় জলাবদ্ধতা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।’

ডাকবাংলা সংলগ্ন চায়ের দোকানদার শহীদ আলম বলেন, ‘ডাকবাংলার বাজারসংলগ্ন সড়কগুলোতে প্রতিনিয়ত পানি জমে থাকায় ব্যবসার ওপর মারাত্মক প্রভাব পড়ছে। অনেক ক্রেতা আসতে অনীহা প্রকাশ করছেন, এতে আমরা আর্থিক ক্ষতির মুখে পড়ছি।’

একইসঙ্গে রিকশাচালক কবির হোসেন, বিমল পরামানিক ও মোশারেফ হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, বারবার পৌরসভার কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। বর্ষার মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে।

পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী অর্ক মন্ডল, ধ্রুব ও দেবজিৎ জানায়, জলাবদ্ধতার কারণে পুরো সড়ক রিকশা ও অটোরিকশার দখলে চলে যায়, এতে তারা হেঁটে স্কুলে যেতেও হিমশিম খান।

এ বিষয়ে বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন জানান, ‘ড্রেন নির্মাণ ও সংস্কারের জন্য ইতোমধ্যেই একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এতে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।