খুঁজুন
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন, ১৪৩৩

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের জমি চাষাবাদে বাঁধা দেয়ার অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের জমি চাষাবাদে বাঁধা দেয়ার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতার বাঁধায় অনাবাদি পড়ে আছে মসজিদের ১৫ একর চাষের জমি। উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া তালুকদার বাড়ী জামে মসজিদের এ জমি মৌসুমের শেষ পর্যায়েও চাষাবাদ করতে না পেরে প্রতিকার চেয়ে থানা পুলিশ কিংবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোন ফল হয়নি। এতে বিপুল পরিমান খাদ্য উৎপাদন ব্যহত সহ ধর্মীয় প্রতিষ্ঠানটি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হলেও এ নিয়ে কারো যেন কিছু করার নেই।

তবে অভিযুক্ত ওয়ার্ড বিএনপি সভাপতির সাফ কথা, এবছরও জমি খিল থাকবে। আর পুলিশ প্রশাসনের বক্তব্য, জমি জায়গা সংক্রান্ত বিষয় পুলিশের এখতিয়ার বহির্ভূত, এটি আদালতের এখতিয়ারভূত বিষয়। তবে এ নিয়ে যদি কোন ফৌজদারী অপরাধ সংঘঠিত হয় সে বিষয়ে আমরা আইনী পদক্ষেপ নেবো।

সূত্র জানায়, উপজেলার চম্পাপুর ইউনিয়নের কৃষ্ণপুর মৌজার এসএ ৩৩ নম্বর খতিয়ানের ১৫.৮০ একর জমি ২৭ নভেম্বর ১৯৫৬ রেজি:কৃত ৬৯৪২ নম্বর ওয়াকফা দলিল মূলে ইসলামিক খেদমতে অনুপ্রানিত হয়ে চালিতাবুনিয়া তালুকদার বাড়ী জামে মসজিদের বরাবর হস্তান্তর করে দেন দানবীর সফিজ উদ্দিন হাওলাদার। যা কৃষ্ণপুর-১৮ মৌজার ৪ নম্বর খতিয়ানের ৯২, ৯৩, ১৪৫, ১৪৬, ৩৬, ৭৫, ১৮৭, ১০ নম্বর দাগে ১৪.৬৩ একর জমি পক্ষে মোতওয়াল্লি হিসেবে বিএস ভুক্ত করে ভূমি প্রশাসন। এটি ওয়াকফা এষ্টেট ভুক্ত হয়েছে, ইসি নম্বর ১৬১১৭, তারিখ ২৭ নভেম্বর ১৯৫৭।

প্রায় ৭০ বছর ধরে মসজিদের এ জমির আয় থেকে ধর্মপ্রান মুসুল্লীদের জন্য মসজিদ উন্নয়নে ব্যয় হয়ে আসছিল। গত বছর এ জমির চাষাবাদ করতে গেলে ব্যপক সংঘর্ষে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটে। ফলে মসজিদের জমি অনাবাদি থাকে। এবছর মৌসুম শেষেও বিএনপি নেতার বাঁধায় চাষাবাদ করা যায়নি। এতে মসজিদের ইমাম, মুয়াজ্জিনের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, ধানখালী ইউনিয়ন ভূমি অফিসের অধীন কৃষ্ণপুর-১৮ মৌজার ৪ নম্বর খতিয়ানের ৯২, ৯৩, ১৪৫, ১৪৬, ৩৬, ৭৫, ১৮৭, ১০ নম্বর দাগে ১৪.৬৩ একর জমি চালিতাবুনিয়া তালুকদার বাড়ী জামে মসজিদ পক্ষে মোতওয়াল্লী নামে মালিকানা রয়েছে। গত ২০২৪-২৫ অর্থ বছরে বকেয়া সহ ৩২ হাজার ১৪০ টাকার ভূমি উন্নয়ন কর ১২ মে ২০২৫ পরিশোধ করা হয়েছে। দাখিলাটি গুগল স্ক্যান করে প্রাথমিক ভাবে মসজিদের জমি নিশ্চিত করেছে সূত্রটি।

মসজিদ কমিটির সদস্য মো. আতিকুর রহমান পিন্টু বলেন, ‘মোতওয়াল্লি কর্তৃক পরিচালিত মসজিদের জমি চাষাবাদের জন্য ইউএনও বরাবরে আবেদন করার পর চেয়ারম্যান, চম্পাপুরকে ২৫ ডিসেম্বর ২০২৫ ব্যবস্থা নেয়ার জন্য ইউএনও স্যার লিখে দেন। কিন্তু অদ্যাবধি কোন প্রতিকার মেলেনি।’

পিন্টু আরও বলেন, ‘জমির অবস্থান নজরুল খাঁদের বাড়ীর পাশে হওয়ায় তারা আদালতের স্মরনাপন্ন হয়েও তাদের পক্ষে রায় না পাওয়ায় পেশী শক্তির জোরে মসজিদের জমি দখলে নিতে চাষাবাদ করতে দিচ্ছে না।’

এ বিষয়ে চম্পাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. নজরুল খাঁ বলেন, ‘ওই জমি আমাদের। জমি নিয়ে আদালতে মামলা আছে। আওয়ামীলীগ আমলে বাটু তালুকদার, আল-আমিন তালুকদাররা জোর করে ভোগ দখল করেছে। এখন জমির বুঝ না পাওয়া পর্যন্ত জমি খিল থাকবে।’

উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ‘মসজিদের নামের জমি। উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম। নজরুল খাঁ আদালতের মামলা কিংবা জমির মালিকানা দাবী করলেও কোন কাগজ পত্র দেখাতে পারে নাই। প্রাথমিক ভাবে মসজিদের মালিকানা স্পষ্ট। এ বিপুল পরিমান জমি চাষাবাদ করা দরকার। প্রয়োজনে বর্গাদার দিয়ে চাষাবাদ করার উদ্দোগ নেবো।’

কলাপাড়া থানার ওসি মো. জুযেল ইসলাম বলেন, ‘জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ এসেছে। যা পুলিশের এখতিয়ার বহির্ভূত, এটি আদালতের এখতিয়ারভূত বিষয়। গতবছর এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে মরিচের গুড়া পর্যন্ত ব্যবহার করা হয়। ফৌজদারী মামলা হয়। এবছরও যদি কোন ফৌজদারী অপরাধ সংঘঠিত হয় সে বিষয়ে আমরা আইনী পদক্ষেপ নেবো।’

কলাপাড়া ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসীন সাদেক’র কাছে এ বিষয়ে জানতে তার ব্যবহৃত মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

 

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পালটা আক্রমন তেহরানের

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ হামলার জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাঘাঁটি আল-আজরাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে অন্তত দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবিও করেছে তেহরান।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের আইআরজিসি গত দুই দিনে একটি মার্কিন যুদ্ধজাহাজকে দু’বার লক্ষ্য করার চেষ্টা করেছিল। তবে জাহাজটি সফলভাবে হামলা এড়িয়ে যায়।

সেন্টকমের দাবি, এরপর মার্কিন বাহিনী ওমান উপসাগরে থাকা ইরানের চারটি তেলবাহী জাহাজ—‘কাভিজ’, ‘চারমিনার’, ‘হরাইজন-১’ ও রিয়েস্কো—এবং খারগ দ্বীপের কাছে থাকা ‘দেরিয়া’ নামের আরেকটি জাহাজে হামলা চালায়।

 

হামলার আগে জাহাজগুলোর নাবিকদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরে মার্কিন বাহিনী এমন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ‘রিয়েস্কো’ নামের একটি জাহাজকে ওমান উপসাগরে ডুবে যেতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি খারগ দ্বীপের কাছে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধের আগে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হতো বলে জানানো হয়েছে।

আইআরআইবি জানায়, ওই হামলায় জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে ওমান উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের কাছেও আরেকটি ইরানি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

পরে আইআরজিসি জানায়, মোট পাঁচটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করা হয়েছে।

 

এর জবাবে জর্ডানের আল-আজরাক মার্কিন ঘাঁটিতে ‘তীব্র ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে আইআরজিসি। হামলায় মার্কিন যুদ্ধবিমান রাখার কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা।

এ ছাড়া মার্কিন নৌবাহিনীর ‘ডিডিজ-১১৯’ ও ‘ডিডিজি-৫৩’ নামের দুটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলোতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ করার দাবিও করেছে ইরান।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
সাগরে লঘুচাপের শঙ্কা, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূবাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

প্রথম দিনের পূর্বাভাস (৯ সেপ্টেম্বর): ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনের পূর্বাভাস (১০ সেপ্টেম্বর): রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় ও চতুর্থ দিনের পূর্বাভাস (১১-১২ সেপ্টেম্বর): ১১ সেপ্টেম্বর সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। ১২ সেপ্টেম্বর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসে দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় স্থায়ী হতে পারে। এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

পঞ্চম দিনের পূর্বাভাস (১৩ সেপ্টেম্বর): দেশের আটটি বিভাগেরই দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ময়লার স্তূপে পাশাপাশি পড়েছিল দুই নবজাতকের লাশ

বরিশাল নগরের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাদের একজন ছেলে ও অন্যজন মেয়ে। 

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন ময়লার স্তূপ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বাটি চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির লাশ ওই স্থানে এসে থাকতে পারে।

কোতোয়ালী থানার ওসি আল মামুন ইসলাম বলেন, খবর পাওয়ার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। থানা থেকে বিষয়টি জানানোর পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়। পরে নবজাতক দুটির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের লাশ ময়লার স্তূপে এলো- তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।