খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

বাবুগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
বাবুগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আহত মোটর মেকানিক ইয়াসিন (২৪) সাতদিন পর চিকিৎসাধীন অবস্থায় (ঢামেক) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।

এ ঘটনায় শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ইয়াসিনের বাবা। মামলায় একই গ্রামের পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, একই গ্রামের রাসেল সিকাদারের ছেলে মমিনুল ইসলাম লিমন (২০), ইমন (২৪), ১নং আসামির মা নাজমা বেগম (৪৫), চাচাতো ভাই রিপন ও রাকিব।

নিহত ইয়াসিন উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বাসিন্দা মানিক হোসেনের একমাত্র ছেলে। ইয়াসিন বাবুগঞ্জ কলেজগেট এলাকায় নিজ দোকানে মোটর মেকানিকের কাজ করতেন।

মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ইয়াসিন ও আসামি মমিনুল ইসলাম লিমন দুই বন্ধু। মোটরসাইকেল কেনার জন্য কিছু দিন আগে ইয়াসিনের কাছ থেকে ১৫০০০ হাজার টাকা ধার নেন লিমন। ওই টাকা ফেরত না দেওয়ায় লিমনের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে যান ইয়াসিন।

গত ২২ আগস্ট টাকা দেওয়ার কথা বলে ইয়াসিনকে মোবাইল ফোনে পাশের এলাকা মহিষাদি সরকারি প্রা. বিদ্যালয়-সংলগ্ন নদীর পারে ডেকে নেন লিমন। তখন ইয়াসিনকে নদীতে ফেলে মারধর করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা ছাড়িয়ে দিলে ঘটনাস্থল থেকে চলে আসেন ইয়াসিন।

ওই দিন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ইয়াসিন বাড়ির উদ্দিশে রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির সামনে থেকে আসার সময় ইয়াসিনকে আটকিয়ে ৪/৫ জন মারধর করেন। পরবর্তীতে বন্ধু লিমন ধারালো ছুরি দিয়ে ইয়াসিনের পেটে আঘাত করেন। ইয়াসিনের ডাকচিৎকারে ইউপি সদস্য মিজানুর রহমান বের হয়ে আহত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ইয়াসিনের অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ইয়াসিনের বাবা মানিক হোসেন বলেন, আমার একটি মাত্র ছেলে, তাকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে মিমাংসার কথা বলা হচ্ছে। আমরা কোনো মিমাংসা চাই না। আমি আমার ছেলে হত্যাকারীদের শাস্তি চাই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, ধারের টাকা নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। মামলা নম্বর ২৫। হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।