খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

বাবুগঞ্জে অনুমোদনহীন কারখানায় খাদ্য উৎপাদনের অভিযোগ

বাবুগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
বাবুগঞ্জে অনুমোদনহীন কারখানায় খাদ্য উৎপাদনের অভিযোগ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে অবস্থিত ইয়া মুমিনু ফুডস অ্যান্ড বেকারির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি প্রায় দুই বছর ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, চানাচুর, রুটিসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির কোনো ধরনের বিএসটিআই অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা খাদ্য অধিদপ্তরের অনুমোদন নেই। শুধু ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া একটি ট্রেড লাইসেন্সের ভিত্তিতেই বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।

অভিযোগ রয়েছে, এসব খাদ্যপণ্যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ঘনচিনি ও অবৈধ কেমিক্যাল রং ব্যবহার করা হয়। ফলে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানায় নেই কোনো স্বাস্থ্যসম্মত পরিবেশ কিংবা নিরাপত্তা ব্যবস্থা। নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় খাদ্য উৎপাদন কার্যক্রম চলছে।

প্রতিষ্ঠানটির মালিক মো. আবুল হোসেন সাংবাদিকদের জানান, সব কাগজের জন্য আবেদন করা হয়েছে। প্রশাসনের লোকজন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। তারা কিছু বলেননি। আর সাংবাদিকদের কাগজ দেখাতে তিনি বাধ্য নন। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নীরবতা ও পর্যাপ্ত মনিটরিং না থাকায় অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আহমেদ বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। এখনই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বা অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।