খুঁজুন
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

বানারীপাড়ায় কৃষক দল নেতা হত্যায় মামলায় গ্রেপ্তার ১

বানারীপাড়া প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
বানারীপাড়ায় কৃষক দল নেতা হত্যায় মামলায় গ্রেপ্তার ১

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) হত্যা মামলার অন্যতম আসামি তুহিনকে গ্রেপ্তার করেছে করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভোলা শহর থেকে বরিশাল র‍্যাব-৮ ও বানারীপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার করফাকর গ্রামের দেলোয়ার হোসেন ঘরামী ও তার জামাতা তুহিনসহ ৯ জনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মৃত আব্দুল লতিফের স্ত্রী পারভীনা বেগম বাদী হয়ে এ মামলাটি করেন।

বানারীপাড়া থানার ওসির দায়িত্ব পালন করা ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদার জানান, হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।

জানা যায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় দেলোয়ার হোসেন ঘরামীর সঙ্গে রাজনৈতিক নানান বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আবদুল লতিফের। একপর্যায়ে দেলোয়ার ও তার জামাতা তুহিনসহ আসামিদের বেধরক মারধরে আহত হন লতিফ।

স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গত শনিবার রাতে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এর প্রতিবাদে একযোগে উপজেলার ৮ ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল-সমাবেশ করে ঘাতকদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানান।

অপরদিকে বরিশাল শেবাচিম হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার বাদ আসর সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃত কৃষকদল নেতা আব্দুল লতিফের অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে।

এ সময় জানাজায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানান। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত আব্দুল লতিফের রুহের মাগফেরাত কামনা করেন।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাড আবুল কালাম শাহীন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সফরুল আলম, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা, সহসভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, পৌর বিএনপি’র জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন, সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সম্রাট তালুকদার প্রমুখ। জানাজা শেষে করফাকর গ্রামের পারিবারিক কবরস্থানে সৈয়দকাঠী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের মরদেহ দাফন করা হয়।

 

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি। তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

শপথ অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগেসহ বিভিন্ন বিদেশের প্রতিনিধি, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে শপথ নেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

পরে একই স্থানে শপথ নেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় জোটের সংসদ সদস্য এবং স্বতন্ত্র সদস্যরা। ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। শপথ বাক্য পাঠ করান সিইসি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়।

যার মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফল ঘোষণা করা হয়নি।নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন।  বিএনপির শরিকরা জয় পেয়েছে তিনটি আসনে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। তাদের মধ্যে এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে।

এছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়ী হয়েছে। বাকি সাতটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ নারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ নারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ মঙ্গলবার সকালেই। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হয়।

এ মন্ত্রিসভায় রাখা হয়েছে তিন জন নারীকে। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় থাকছেন তিনজন।

 

যে তিন নারী রয়েছেন মন্ত্রিসভায়: সংসদে মন্ত্রী হিসেবে থাকছেন আফরোজা খানম। প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন।

বরিশাল বিভাগ পেলো ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

মো: ফিরোজ গাজী
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
বরিশাল বিভাগ পেলো ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছে বরিশাল বিভাগের ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে।

ভোলা জেলার মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এদিকে প্রথমবার বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজীব আহসান। তিনি রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর প্রথমবারেই রাজীব আহসান মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হওয়ায় এলাকাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহন অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেছেন।

এছাড়াও পিরোজপুর-২ আসন থেকে বিজয়ী হওয়া আহম্মদ সোহেল মঞ্জুর প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব।