খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

বাকসুর গঠনতন্ত্র উন্মুক্তকরণ ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
বাকসুর গঠনতন্ত্র উন্মুক্তকরণ ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি

বরিশাল ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, কলেজের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নেতৃত্ব বিকাশের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিন দফা দাবি উত্থাপন করেন; ১. অবিলম্বে বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) গঠনতন্ত্র উন্মুক্তকরণ, ২. নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, ৩. নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা বলেন, বাকসু নির্বাচন বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে কলেজে শিক্ষার্থীদের সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। ছাত্রসমাজের গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ। তিনি বলেন, “বিএম কলেজের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে বাকসু নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু বহু বছর ধরে নির্বাচন হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চরমভাবে খর্ব হচ্ছে। আমরা চাই, অবিলম্বে বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক এবং নির্বাচনের জন্য প্রশাসন রোডম্যাপ ঘোষণা করুক।”

শিক্ষার্থী মাহফুজ নুসরাত বলেন, “শিক্ষার্থীরা আজ দিশাহারা। বাকসু নির্বাচন না থাকায় আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারি না। আমাদের দাবি, বাকসুর গঠনতন্ত্র প্রকাশ করা হোক, রোডম্যাপ দেওয়া হোক, আর দ্রুত নির্বাচন আয়োজন করা হোক। যদি তা না হয়, তাহলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও বলেন, নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা সম্ভব নয়। কলেজ প্রশাসন যদি দ্রুত নির্বাচনের উদ্যোগ না নেয়, তবে তারা কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।