খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

বাউফলে কাঠ মিস্ত্রি স্বপনের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বাউফল প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
বাউফলে কাঠ মিস্ত্রি স্বপনের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

পটুয়াখালীর বাউফলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্পের আওতায় সহায়তা পেয়েছেন কাঠ মিস্ত্রি স্বপন হাওলাদার (৩৫)। তিনি ২০০২ সাল থেকে কাঠ মিস্ত্রির কাজ করছেন।

অর্থের অভাবে দীর্ঘদিন অন্যের দোকানে কাজ করলেও অবশেষে ফাউন্ডেশনের উদ্যোগে এক লাখ টাকা সহায়তা পান। পাশাপাশি পরবর্তীতে তার কাজে প্রয়োজনীয় মেশিন কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাউফল পৌর শহরের গোলাবাড়ি সেতুর কাছে স্বপনের দোকান উদ্বোধন করা হয়।

স্বপন হাওলাদার বলেন, ২০০২ সাল থেকে কাঠ মিস্ত্রির কাজ করছি। কিন্তু নিজের দোকান দেওয়ার মতো টাকা-পয়সা ছিল না বলে অন্যের দোকানে কাজ করতে হতো। আজ আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় আমার স্বপ্ন পূরণ হলো। আমি চেষ্টা করবো পরিশ্রম করে দোকানটা বড় করার এবং পরিবারকে স্বাবলম্বী করার। পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও চেষ্টা করবো।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান বলেন, স্বপনের মতো পরিশ্রমী মানুষরা যদি একটু সহযোগিতা পান তাহলে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের বাউফল প্রতিনিধি হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য হলো দক্ষতাভিত্তিক যুবকদের স্বাবলম্বী করে তোলা। স্বপন হাওলাদারকে যে সহায়তা দেওয়া হয়েছে, এটা আমাদের প্রকল্পের একটি অংশ মাত্র। ভবিষ্যতে আরও অনেক তরুণকে আমরা সহায়তা করবো, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

 

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।