খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

বরিশাল সিটি করপোরেশনের ১৫ কর্মকর্তার নথি চেয়ে দুদকের চিঠি

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
বরিশাল সিটি করপোরেশনের ১৫ কর্মকর্তার নথি চেয়ে দুদকের চিঠি

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আমলের দুর্নীতি অনুসন্ধানে প্রতিষ্ঠানটির ১৫ কর্মকর্তার নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ওই কর্মকর্তাদের অফিসিয়াল নাম, পদবি, কর্মরত শাখার নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ও স্থায়ী ঠিকানা, এনআইডি, মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে।

অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। রোববার (২৪ আগস্ট) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যেসব কর্মকর্তাদের নথিপত্র চাওয়া হয়েছে তারা হলেন- প্রতিষ্ঠানটির বিভিন্ন দপ্তরের চার নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেব, আবুল বাশার, ওমর ফারুক ও মকসুমুল হাকিম রেজা, সহকারী প্রকৌশলী অরিফুর রহমান, উপসহকারী প্রকৌশলী শফিকুল আলম, আহসান হাবিব ও রেজাউল করিম, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ওহিদ মুরাদ, পরিচ্ছন্নতা কর্মকর্তা দিপক লাল মৃধা ও রেজাউল, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, ট্রেড সুপার মো. শহিদুল, সুপারেন্টেড (পানি সরবরাহ) পান্না এবং মেডিকেল অফিসার খন্দকার মনজুরুল ইসলাম শুভ্র। চিঠিতে ওই কর্মকর্তাদের ব্যক্তিগত নথি জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের জুলাই মাসে সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন ও প্রধান উচ্ছেদ কর্মকর্তা স্বপন কুমার দাসহ ১৯ কর্মকর্তার ঘুষ-দুর্নীতিসহ অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে দুদক।

অভিযোগে সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সময় সিটি করপোরেশনের বিভিন্ন সময়ে বালু ভরাট সংক্রান্ত কাজ, ২০২২ সালে ঈদুল ফিতর ও ঈদুল আযহার ব্যানার তৈরির কাজ, খোকন সেরনিয়াবাতের ফেসবুক পেজের বুস্টিংয়ের বরাদ্দকৃত ১ লাখ ৫৮ হাজার টাকার কাজ এবং সাবেক মেয়রের ল্যাপটপ, ড্রোন ক্যামেরা, চেয়ার, টেবিল, মনিটর, আইটি মেশিনসহ অন্যান্য সামগ্রী ক্রয়ে দুর্নীতির বিষয়ে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে বরিশাল সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। তাঁদের যৌথ কারসাজিতে অবৈধ নিয়োগ, প্রতিটি দপ্তরে সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, ঘুষ বাণিজ্য, ব্যাপক অর্থ লোপাটসহ সকল ধরনের দুর্নীতি করে সরকার ও জনগণের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, ট্রেড সুপার মো. শহিদুলের বিরুদ্ধে দুর্নীতির ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়ায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সিটি করপোরেশন থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে তারা দুইজনেই তৎকালীন ছাত্রলীগের নেতা হওয়ার প্রভাব খাটিয়ে আবার চাকরি ফিরে পান বলে জানা গেছে। এছাড়া আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত পরিসংখ্যানবিদ স্বপন কুমার দাসের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উচ্ছেদ শাখার প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও মশক নিধন শাখার প্রধান পদ আগলে রেখে দিনের পর দিন অপকর্মের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদক পরিচালক মোজাহার আলী সরদার বলেন, সম্প্রতি সিটি করপোরেশনের সাবেক মেয়রসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানকাজ চলমান রয়েছে। অনুসন্ধানে শেষে কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের আলোকে কমিশন আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।