খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

বরিশাল যুবদল: কমিটিতে জায়গা পাওয়া নিয়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
বরিশাল যুবদল: কমিটিতে জায়গা পাওয়া নিয়ে উদ্বেগ

আট বছর হয়ে যাচ্ছে, এখনো বরিশাল জেলা ও মহানগর যুবদল ভারমুক্ত হতে পারেনি। এর মধ্যে কারও বালুমহাল-কাণ্ডে পদ স্থগিত, কেউ কেউ নিষ্ক্রিয়, এমনকি শীর্ষ পদের কেউ মারাও গেছেন। ২০১৭ সাল থেকে এভাবেই চলছে যুবদল। এই পরিস্থিতিতে নতুন কমিটি দেওয়ার আলোচনায় পুরোনোরাই প্রাধান্য পাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সংগঠনটির অনেকে বলছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যুবদলের নেতৃত্বে যুবাদের আসার সম্ভাবনা ক্ষীণ।

২০১৭ সালের ২৭ এপ্রিল বরিশাল জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠিত হয়। ওই সময় মহানগর যুবদলের সভাপতি ছিলেন আক্তারুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক ছিলেন মাসুদ হাসান মামুন। পরে শামীমকে অব্যাহতি দিয়ে মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাসুদ রাঢ়ীকে। তিনিও বালুমহাল কেলেঙ্কারিতে পদ হারান। ২০২০ সালে মহানগরের সম্পাদক মামুন বহিষ্কৃত হলে মাজহারুল ইসলাম জাহানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

জানতে চাইলে নগর যুবদলের সভাপতি প্রার্থী মাসুদ হাসান মামুন বলেন, শিগগির কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নেতৃত্বে কারা আসবেন, তা সিদ্ধান্তের ভার কেন্দ্রের।

অপর সভাপতি প্রার্থী মাজহারুল ইসলাম জাহান বলেন, তিনি আগে থেকেই শুনে আসছেন, কমিটি হবে। কেন্দ্রীয় সভাপতি লন্ডনে যাচ্ছেন। হয়তো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি সাপেক্ষে দেশে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

যুবদলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল একীভূত করে জেলা যুবদল গঠিত হচ্ছে। যে কারণে জেলায় প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে। তবে আগে যাঁরা পদে ছিলেন, তাঁদের শীর্ষ নেতৃত্বে রেখেই নতুন কমিটি করার তোড়জোড় চলছে এ মাসেই। এই পরিস্থিতিতে নগর যুবদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী আছেন অনেকে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক ছাত্রনেতা অহিদুল ইসলাম রুবেল, নগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মুন্না, রিয়াজুর রহমান রিয়াজ, রফিকুল ইসলাম জনি প্রমুখ।

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অহিদুল ইসলাম রুবেল বলেন, ‘বয়সের কারণে বি এম কলেজ এবং মহানগর ছাত্রদল থেকে বাদ পড়েছি। ২০ বছর ধরে পদবিহীন অবস্থায় দলের কর্মী হিসেবে কাজ করছি। আমরা মনে করি, যুবদলে নতুন নেতৃত্ব সৃস্টি হোক যুবদল কর্মীদের দিয়েই। শোনা যায়, বিএনপি নেতারা যুবদলে আসতে চান। এমনটা হলে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।’

২০২১ সালে যুবদলের বরিশাল জেলা (দক্ষিণ) শাখার সভাপতি হন পারভেজ আকন বিপ্লব এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন এইচ এম তসলিম উদ্দিন। ২০২১ সালে বিপ্লব মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতি হন মামুন রেজা খান। জানা গেছে, জেলা যুবদলের সভাপতি প্রার্থী হতে যাচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক এইচ এম তছলিম উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং উত্তরের সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ। এই প্রসঙ্গে যুবদল নেতা তছলিম উদ্দিন বলেন, কমিটি তো হওয়ার কথা ছিল। হয়তো সারা দেশের কয়েকটি ইউনিট নিয়ে একসঙ্গে কমিটি দেবে।

অপরদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন জেলা যুবদলের (উত্তর) যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ, জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু এবং উত্তরের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু।

জেলার সাধারণ সম্পাদক প্রার্থী কায়সার আহমেদ বলেন, ‘উত্তর ও দক্ষিণ যুবদল এক করার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্র। যে কারণে জেলা যুবদলের নেতৃত্বে আসা আমাদের অধিকার।’ তিনি বলেন, ‘সামনে নির্বাচন। যে নেতারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুবিধাবাদীতে ছিল, তারা যেন যুবদলের কমিটিতে না আসে। পুরোনো-নতুন মিলিয়ে কমিটি হোক। তা না হলে একচেটিয়া হয়ে দল দুর্বল হবে।’

নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, যুবদলের নতুন কমিটি গঠনের কথাবার্তা চলছে। শিগগির কমিটি প্রকাশ করবে কেন্দ্র। যুবদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে নবীন এবং পুরোনোদের সমন্বয়ে যাতে কমিটি হয়, সে বিষয়ে আহ্বান জানাবেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।