খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

ঝুঁকির অজুহাতে বরিশাল জিলা স্কুলের ৬৫ গাছ কাটার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
ঝুঁকির অজুহাতে বরিশাল জিলা স্কুলের ৬৫ গাছ কাটার প্রস্তুতি

ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বরিশাল জিলা স্কুলের ৭০টি গাছ কাটার আয়োজন করছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৬৫টি গাছ কাটার জন্য ৩ সেপ্টেম্বর নিলাম আহ্বান করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিলাম কমিটির সদস্যসচিব অনিতা রানী হালদার। তিনি দাবি করেছেন, ঝড়ে পড়া, ভবন নির্মাণ এবং স্কুল ভবন লাগোয়া হওয়ায় ৬৫টি গাছকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিলাম ডেকেছেন।

তবে বিদ্যালয়ের একাধিক শিক্ষকের অভিযোগ, ঝড় ও উন্নয়নের অজুহাতে তালিকার অর্ধেকের বেশি গাছ অযৌক্তিকভাবে কাটা পড়ছে। এতে একদিকে বিদ্যালয়ের সবুজায়নের যেমন ক্ষতি হবে, তেমনি অত্যধিক তাপে পাঠদান বাধাগ্রস্ত হবে। এদিকে অবসরের এক মাস আগে প্রধান শিক্ষক অনিতা রানীর গাছ কাটার এমন কর্মকাণ্ড ভালো চোখে দেখছেন না পরিবেশবাদীরা।

গতকাল রোববার স্কুল ঘুরে দেখা গেছে, স্কুলের পশ্চিমাংশে সবুজায়নে ঘেরা। মেহগনি, রেইনট্রি, নিম, আম, তুলা, অর্জুন, কড়ইসহ বিভিন্ন গাছ যেন গোটা বিদ্যালয়টিকে ছায়া দিচ্ছে। তবে প্রধান শিক্ষকের পরিত্যক্ত ভবনে একটি রেইনট্রি গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাশের পুকুরে ঘূর্ণিঝড় রিমালে পড়ে যাওয়া ২-৩টি গাছ পড়ে আছে। এ ছাড়া স্কুল ভবন লাগোয়া ৪-৫টি ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। তবে গাছ পড়লে ভবনের ক্ষতি হবে এমন কোনো গাছ ভবনের পাশে দেখা যায়নি। এদিকে চতুর্থ শ্রেণির কর্মচারীরা যে ঘরে থাকেন, তার আশপাশের কিছু ফলদ ও বনজ গাছ রয়েছে, সেগুলোও কাটার আওতায় আনা হয়েছে। নতুন ৬ তলা ভবনের জন্য কয়েকটি গাছ কাটা পড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক জিলা স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, স্কুলের আশপাশে যে ফলদ, বনজ ও ওষধি গাছ হয়েছে, তা এক দিনে সৃষ্টি হয়নি। কোনো প্রধান শিক্ষক এত গাছ কাটেনি। স্কুল ভবনের পাশে এমন কোনো গাছ নেই, যেটা উপড়ে পড়লে ভবন হেলে পড়বে। বিশেষ করে ৪৭টি মেহগনি ও ৫টি আমগাছ ঝুঁকিপূর্ণ হওয়ার প্রশ্নই আসে না। এতে গরমে ক্লাস করানো যাবে না। সবুজায়ন বিনষ্ট হবে। প্রায় ২০টি গাছ ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রধান শিক্ষকের অনুসারী কয়েকজন শিক্ষক, ঠিকাদার ও বন বিভাগের যোগসাজশে অন্তত ৩০ থেকে ৪০টি গাছ কাটার আয়োজন চলছে। সেপ্টেম্বরের শেষ দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরে যাওয়ার আগে গাছ কাটার মহোৎসব নেমেছেন তিনি।

জানতে চাইলে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘ভবন নির্মাণের জন্য ৭-৮টি গাছ কাটা পড়তে পারে। কিন্তু বাকি গাছের বিষয়ে কিছু জানি না।’

বরিশাল জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক (বর্তমানে ঝালকাঠিতে কর্মরত) নুরুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষকের বাসভবনের একটি রেইনট্রি গাছ ঝুঁকিপূর্ণ। কিছু গাছ ঝড়ে পড়ে গেছে। ভবন নির্মাণে ২-৩টি কাটা লাগতে পারে। সব মিলিয়ে আমি

যখন ছিলাম, তখন ৮-১০টি গাছ ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু ৬৫-৭০টি গাছ দুই বছরের মধ্যে কাটার প্রয়োজন আছে বলে মনে করি না।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম বলেন, নতুন ভবন করার জন্য যদি গাছ কাটতে হয়, সেগুলো কাটুক। যেসব গাছ পড়ে গেছে, সেগুলো অপসারণ করুক। কিন্তু দাঁড়িয়ে থাকা কোনো গাছে হাত দেওয়া যাবে না। ঝুঁকির অজুহাত দিয়ে গাছে হাত দিলে সবুজায়ন ও পরিবেশ নষ্ট হবে। তিনি অবসরের আগমুহূর্তে এমন পরিবেশবিরোধী কাজ করতে পারেন না।

জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নিলাম কমিটির সদস্যসচিব অনিতা রানী হালদার বলেন, ‘৬৫টির মধ্যে সবগুলো ঝুঁকিপূর্ণ। বন বিভাগ এসে তালিকা করেছে। এখানে আমাদের কোনো হাত নেই। নতুন ভবন নির্মাণের জন্য ৩টি, গেটের সঙ্গে হেলে পড়া ২টি, প্রধান শিক্ষকের বাসভবনে ৩টি, পুকুরে পড়ে আছে ৩-৪টি। এ রকম ৬৫টি গাছই ঝুঁকিপূর্ণ। স্কুল ভবন লাগোয়া হওয়ায় ৪৭টি মেহগনি গাছও কাটতে হবে।’

এ বিষয়ে সদর উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ৭০টি গাছ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে চিঠি দিয়েছে। তারা কারণ দেখিয়েছে, ঘূর্ণিঝড় রিমালে পড়ে গেছে এবং স্কুল ভবনের লাগোয়া গাছ রয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী ৫টি গাছ কাটায় আপত্তি তুলে ৬৫টির মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।