খুঁজুন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ, ১৪৩২

বরিশালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির মতবিনিময়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
বরিশালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির মতবিনিময়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

বিদেশি উন্নয়ন সহযোগীরা দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ। তিনি বলেন, নির্বাচন কমিশন সেই লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আজ বুধবার দুপুরে বরিশালে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে এ কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ইসির সঙ্গে উন্নয়ন সহযোগীদের ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও এর চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এ মতবিনিময় সভা হয়। সভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা অংশ নেন। এতে মাঠপর্যায়ের শীর্ষ নির্বাচন কর্মকর্তারাও যোগ দেন।

বুধবার দুই দিনের সফরে ইউএনডিপি প্রতিনিধি, সুইডেন, নরওয়ে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার বরিশালে আসেন। তাঁরা সফরের প্রথম দিন ইসির মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে চ্যালেঞ্জ, তা মোকাবিলায় কী ধরনের সহযোগিতা করতে পারে, সেসব বিষয়ে আলোচনা হয়। আজ বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়। তবে বৈঠক শেষে কোনো রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

সভায় উপস্থিত একটি সূত্র জানায়, বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে তাঁরা বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ বলেন, ‘বিদেশিরা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইন সংস্কার ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রসঙ্গও বৈঠকে আলোচনায় স্থান পায়। আমরা কূটনীতিকদের আশ্বস্ত করে বলেছি, বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।’

ভবিষ্যতে নির্বাচন একটি সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন হবে, এমন প্রত্যাশা করেছেন রাষ্ট্রদূতেরা। নির্বাচন কমিশনের এই অগ্রযাত্রায় তাঁরা শামিল হয়ে পাশাপাশি থেকে কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন বলেও জানান এ কে এম আলী নেওয়াজ। তিনি বলেন, ‘আগামী ত্রয়োদশ নির্বাচনের জন্য একটি মাস নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা নির্বাচনটাকে সবার জন্য উন্মুক্ত রেখেছি। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চেষ্টা করে যাওয়া হচ্ছে।’

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতেরা বিশেষ করে জানতে চেয়েছেন, নারী ভোটারদের কীভাবে বেশি অংশগ্রহণ করানো যায়, সে বিষয়ে আমরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা তাঁদের বলেছি, এ বিষয়ে আমরা বদ্ধপরিকর। তাঁরা আমাদের কাছে নির্বাচনের খুঁটিনাটি নানা বিষয়ে জানতে চেয়েছেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তাঁরা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। ভবিষ্যতে এই নির্বাচন একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, সে ব্যাপারে তাঁরা আশ্বস্ত হয়েছেন।’

দুই দিনের সফরে কূটনীতিকেরা প্রথম দিনে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন বলে জানা গেছে।

 

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর বিজ্ঞ জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আবদুর রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্না বেগম। রোজিনা বেগম নামে আরেকজনকে বেকসুর খালাস দেন আদালত।

অন্য আসামিদের মধ্যে আবদুর রব মোল্লা, মন্নাফ মোল্লা, ও মুনসুর মোল্লার আদালতে বিচারাধীন অবস্থায় মৃত্যু ঘটে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আবু আকনের মৃত্যু হয়। এ ঘটনায় আবদুর জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আকন জানান, সোমবার পিরোজপুর বিজ্ঞ দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মুজিবর রহমান সেসন ৭/২০২০ মোকাদ্দমায় ৬ জন আসামিকে যাবজ্জীবন দিয়েছেন এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। অপর আসামি রোজিনা বেগমকে বেকসুর খালাস দিয়েছেন। অন্য ৩ আসামি আদালতে বিচারাধীন অবস্থায় মারা যান।

মামলাটি ছিল জমিজমা ও সুপারী পাড়াকে কেন্দ্র করে। এই মামলার ভিকটিম আবু আকন (৪২) মারাত্বক জখম প্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসাপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ব্যারিস্টার ফুয়াদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সুষ্ঠু পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার ফেসবুক লাইভে এসে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থীরা সবাই অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, এলাকায় পাতি নেতা ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। তারা প্রকাশ্যে ভোট কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী যদি কঠোরভাবে এসব অপতৎপরতা দমন করতে না পারে, তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবলে ভাটার লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গায় অস্ত্র উদ্ধারের ঘটনায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যৌথবাহিনী ও পুলিশ অনেক ক্ষেত্রে কার্যকর অপারেশনে যেতে দ্বিধায় রয়েছে। এর ফলে অপরাধীরা আরও সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, অজ্ঞাতনামা মামলার নামে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। এতে ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি হচ্ছে এবং নির্বাচন-পূর্ব পরিবেশ ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।

তিনি বলেন, যৌথবাহিনীর অপারেশনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না- এমন স্পষ্ট ও দৃঢ় নিশ্চয়তা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আসা জরুরি। তা না হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাবে না।

সবশেষে বরিশাল-৩ আসনের নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান এবি পার্টির এই প্রার্থী।

ম্যাক্রোকে ‘ক্ষমতাচ্যুত’ করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
ম্যাক্রোকে ‘ক্ষমতাচ্যুত’ করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন। খবর সিএনবিসি’র

ট্রাম্প ‘ক্ষমতাচ্যুত’র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউই তাকে (ম্যাক্রো) চায় না, কারণ তিনি খুব শিগগিরই অফিস ছাড়ছেন। যদি তারা শত্রুতামূলক আচরণ করে, তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব।’

মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন, শুল্ক বসালে তখন নিজেই বোর্ডে (বোর্ড অব পিস) যোগ দেবে। না যোগ দিলেও সমস্যা নেই।

ফ্রান্সের আইন অনুয়ায়ী এমনিতেও প্রেসিডেন্ট ম্যাক্রো তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মে মাসে। তবে ট্রাম্প ‘ক্ষমতাচ্যুত’ বলে আসলে কি বুঝিয়েছেন, তা বিস্তারিত জানানো হয়নি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত বোর্ড অব পিস গত বছরের নভেম্বরে গঠিত হয়। এর উদ্দেশ্য ইসরাইল-হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা। এই বোর্ডে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আছে ভারত, পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশ।

এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইউরোপের। গত শুক্রবার ট্রাম্প বলেন, ইউরোপীয় নেতারা থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে। কারণ এটি ‘বিশ্ব নিরাপত্তার’ জন্য প্রয়োজন।

তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যসহ আটটি ইউরোপীয় দেশের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানান। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি ইউরোপের দেশগুলো।

ট্রাম্পের এসব কড়া হুমকির জবাবে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক ও বিস্তৃত অর্থনৈতিক প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে। তবে ট্রাম্পের করা ক্ষমতাচ্যুতর কথায় জবাব দেননি ম্যাক্রো।