খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

বরগুনার সড়কে ‘খানাখন্দে মোগো অটো উইল্ডা যায়’

বরগুনা প্রতিনিধি :
প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
বরগুনার সড়কে ‘খানাখন্দে মোগো অটো উইল্ডা যায়’

‘ভাই নামেন, সামনে ভাঙ্গা আর গর্ত, যাত্রী নিয়া যাওয়া সম্ভব না। এই বর্ষায় সব রাস্তারই অবস্থা খারাপ। মাঝে মাঝে খানাখন্দে মোগো অটো উইল্ডা যায়। এই তো গত সপ্তাহে গৌরীচন্না বাজারে গর্তে পড়ে আমার গাড়ি উইল্ডা দুইজন যাত্রী আহত হয়েছে। রাস্তাগুলো মেরামত করা না হলে বড় কোনো দুর্ঘটনার শিকার হইব আমরা।’ গত বুধবার বিকালে সড়কে ভোগান্তি নয়ে এসব কথা বলেন বরগুনা সদরের খাজুরতলা গ্রামের অটোরিকশাচালক রুস্তুম আকন।

সরেজমিন ঘুরে দেখা গেছ, বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্ত হয়ে রয়েছে। সড়কটির সবচেয়ে শোচনীয় রূপ দেখা যায় নতুন বাসস্ট্যান্ড, গৌরীচন্না বাজার ও চান্দখালী বাজার এলাকায়। এই স্থানে সড়কে বড় বড় গর্ত হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমতলী-তালতলী-সোনাকাটা সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও যানবাহনের চালকেরা। তিন বছর আগে ৩৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির কিছু অংশ সংস্কার হলেও বর্তমানে অন্তত ২৪ কিলোমিটার অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। একই অবস্থা সদর উপজেলার নলী বাজার থেকে বরগুনা পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কেও। এ ছাড়া ছোটবগী-তালতলী, বরগুনা-চালিতাতলী, বরগুনা-কালীরতবক, পরীরখাল-রাখাইনপাড়া, বামনা-খোলপটুয়া, ডৌয়াতলা-আয়লা বাজার, বৈকালিন বাজার-আয়লা, পচাকোড়ালিয়া-চান্দখালীসহ একাধিক সড়ক খানাখন্দে ভরা। যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এসব রাস্তায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্যসূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলায় এলজিইডির আওতায় ৭ হাজার ৫৬১ কিলোমিটার কাঁচা-পাকা সড়কের মধ্যে ১ হাজার ৪৪১ কিলোমিটার কার্পেটিং। বাকি ৬ হাজার ১২০ কিলোমিটার কাঁচা সড়ক। এসব সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করে। প্রতি অর্থবছরে পাকা সড়কে অন্তত তিন ভাগের এক ভাগ মেরামতের প্রয়োজন হয়। সে অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে ৪৮০ কিলোমিটার সড়ক মেরামত করতে হবে।

এলজিইডির তথ্যমতে, জেলার প্রায় ৪৮০ কিলোমিটার পাকা সড়ক সংস্কারে ৩১২ কোটি টাকা দরকার হলেও চলতি অর্থবছরে বরাদ্দ পেয়েছে মাত্র ৩৪ কোটি টাকা। এর মধ্যে পূর্বের অসমাপ্ত কাজ বাবদ ওই টাকা থেকে খরচ হবে ২০ কোটি। ফলে কার্যত নতুন মেরামতের জন্য থাকছে মাত্র ১৪ কোটি টাকা, তা দিয়ে প্রায় ২১ কিলোমিটার রাস্তা সংস্কার সম্ভব হবে, যা প্রয়োজনের তুলনায় ৪.৩৭ ভাগ। অথচ বাস্তবে জেলার অনেক বেশি সড়কই জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

রাস্তার বেহাল দশা নিয়ে কথা বললে কয়েকজন অটোচালক, ভ্যান, সিএনজি অটোরিকশা, বাস ও ট্রাকচালক বলেন, বছরের পর বছর আমরা ভাঙা রাস্তায় গাড়ি চালাচ্ছি। প্রায়ই গর্তে পড়ে গাড়ি নষ্ট হয়, যাত্রীরাও বিরক্ত হয়ে ঝগড়া করে। সরকার পাল্টায়, কিন্তু রাস্তার চেহারা পাল্টায় না। কখনো বেহাল দশা উপেক্ষা করে রাস্তার সৌন্দর্য ফিরে আসবে বলে মনে হয় না।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান বলেন, বরাদ্দ সীমিত হওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো আগে সংস্কার করা হচ্ছে। বাকি রাস্তা সংস্কারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন। অতিরিক্ত অর্থের আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।

 

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের এক আদালত।

বুধবার বিকেলে এ রায়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামিকে একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

দণ্ডপ্রাপ্ত আনিচ সরদার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।

মামলার বিবরণ দিতে গিয়ে ওই আদালতের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০০৭ সালের ১০ মে কাণ্ডপাশা গ্রামের এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক আনিচ সরদার।

“এ ঘটনায় ১৩ মে গৌরনদী থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার তরুনীর মা। ওই বছরের ২৭ অগাস্ট আনিচের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবে আলম।”

এ মামলার ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয় বলে জানান তিনি।

রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামে হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ জানান, ঘটনাস্থলে যাওয়ার পর সড়ক সরু হওয়ায় অগ্নিনির্বাপক গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়নি। পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভানোর কারণে কিছুটা দেরি হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, প্রথমে ওই বাড়ির মজিবুর হাওলাদারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের শাহআলম হাওলাদার ও হাসান হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ায় তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।ঘটনার পর বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

হিজলা প্রতিনিধি 
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান  তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না।

নানা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে একটি পৌরসভা, উপজেলা অডিটরিয়াম, উপজেলা কমপ্লেক্স ভবন, নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণসহ নানা প্রতিশ্রুতি। এছাড়াও সাধারন নাগরিকের সুবিধার নিশ্চিত এর লক্ষ্যে পুলিশ প্রশাসনের হয়রানি থেকে মুক্ত করা হবে।

 

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন সুমন, সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন  সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাপ হোসেন খোকন। বিকাল তিনটা থেকেই উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল এসে জনসভায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।