খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

বরগুনায় চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ, তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
বরগুনায় চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ, তদন্ত কমিটি

মা ইলিশ রক্ষায় অবরোধকালীন সময়ের চাল না পেয়ে চাওড়া ইউনিয়নের ২৫-৩০ জন জেলে বরগুনার আমতলী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিক্ষোভ শেষে তারা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

ইউএনও অভিযোগটি আমলে নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাওড়া ইউনিয়নের ৬৪২ জন জেলে রয়েছেন। গত ৭ অক্টোবর সব জেলেকে ট্যাগ অফিসারের উপস্থিতিতে ১৪ অক্টোবর ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণের ছয় দিন পর কালবাড়ী, কাউনিয়া, পাতাকাটা ও চন্দ্রা গ্রামের অর্ধশতাধিক জেলে সোমবার দুপুরে আমতলী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তারা উল্লেখ করেন, জেলে কার্ড থাকা সত্ত্বেও তাদের চাল দেওয়া হয়নি। কালিবাড়ী গ্রামের জেলে মিলন হাওলাদার বলেন, আমি একজন কার্ডধারী জেলে। আমার জেলে কার্ড নম্বর ১০০৪০৯০০৪৭০০০০৩৩৪। আমাকে চাল দেওয়া হয়নি। তিনি আরও বলেন, মাস্টার রোলে আমার নাম রয়েছে, তাহলে আমার চাল কে নিয়েছে? আমি জানতে চাই।

এভাবেই কার্ডধারী চালিতাবুনিয়া গ্রামের জেলে নাসির উদ্দিন, পাতাকাটা গ্রামের মো. নূর মোহাম্মদ হাওলাদার, চন্দ্রা গ্রামের কেরামত আকন, কাউনিয়া গ্রামের আশের্দ পহলান ও ঘটখালী গ্রামের মো. আবু বক্তর সিদ্দিকও চাল না পাওয়ার অভিযোগ করেন।

চাল না পেয়ে এসব জেলেরা সোমবার দুপুরে আমতলী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করে এবং ইউএনওর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর সত্যতা যাচাইয়ের জন্য ইউএনও তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির সদস্যরা হলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, মেরিন ফিশারিজ অফিসার মো. অলিউর রহমান এবং উপজেলা ফেসিলিটেটর মো. মাইনুল ইসলাম। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রধান আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, এখনও চিঠি পাইনি। চিঠি পেলে তদন্ত শুরু করা হবে।

এদিকে চাওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্যানেল চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ বলেন, তালিকা অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতিতে সব জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ বলেন, তালিকা অনুযায়ী ৬৪২ জন জেলের সব চাল উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়েছে। ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। ২০২০ সালে জেলেদের তালিকা হালনাগাদ করা হয়েছে। ২০১৪ সালের তালিকা থেকে জেলে নয় এমন অনেকের নাম বাদ গেছে। বাদ পড়া জেলেদের কাছ থেকে জেলে কার্ড ফেরত আনা সম্ভব হয়নি। হয়তো বাদ পড়া এসব জেলেরা এখন চাল চাইছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।