খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

“ফিটনেস বিহীন গাড়ি সড়কে চালাবে না কোন চালক”-ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
“ফিটনেস বিহীন গাড়ি সড়কে চালাবে না কোন চালক”-ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সড়ক দুর্ঘটনা রোধে বরিশালে গঠন হলো ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

শনিবার (১৬ আগষ্ট) একটি বেসরকারি মিলনায়তনে বরিশাল শাখার শপথ গ্রহণ  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ট্রাফিক পুলিশের পরিদর্শক মামুন আল আমিন ও বরিশাল রেস্টুরেন্ট মালিক সমিতির বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আহবায়ক ও সেবক এর বরিশাল মহানগর ও জেলার সভাপতি এবং ইন্সটেক্টর অ্যাসোসিয়েশন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদ জাকির হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাকির হোসেন বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধে এবং চালকদের দক্ষতার মান উন্নয়ন করা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলা, দূরপাল্লার যাত্রা শুরু করার সময় চিকিৎসক দিয়ে চালকের শারীরিক অবস্থা পরীক্ষা করা, দুর্ঘটনায় আহত চালকদের সাহায্য নিশ্চিত করা, সকল চালকদের নিয়োগ পত্র বাধ্যতামূলক করা, ফিটনেস বিহীন কোন গাড়ি না চালানোর জন্য আহবান করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

 

তিনি তার বক্তব্যে এ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে, বলেন গাড়ি চালকদের সর্বোচ্চ সুবিধা দিতে হবে, একজন চালকের হাতে অনেকগুলো মানুষের গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব থাকে। বিভিন্ন সময়ে গাড়ির মালিকদের অবহেলার কারণে গাড়ির বিভিন্ন সমস্যা নিয়েই চালকরা গাড়ি চালাতে বাধ্য হয়। প্রতিটি গাড়ি যাত্রী সেবায় যাওয়ার আগে সকল যান্ত্রিক পরীক্ষা বাধ্যতামূলকভাবে করে নিতে হবে।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি তার বক্তব্যে গাড়ি চালানোর বিভিন্ন আইন সম্পর্কে চালকদের অবহিত করেন। তিনি অনুরোধ করেন ফিটনেস বিহীন কোন গাড়ি যাতে চালকরা না চালায়। তাহলে মালিকরা বাধ্য হয়ে গাড়ির সকল যান্ত্রিক সমস্যা সমাধান করে গাড়িতে যাত্রী সেবার জন্য পাঠাবে।

অনুষ্ঠানে ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল বলেন, চালকরা যাতে বরিশালের কোন রাস্তায় চাঁদাবাজির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে।

ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সদস্য সচিব বরিশাল মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলামিন তার বক্তব্যে ড্রাইভারদের নানান সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।