খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

পুলিশের নামে চাঁদাবাজি, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
পুলিশের নামে চাঁদাবাজি, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা বহিষ্কার

ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও সদস্যসচিব ফয়সাল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার বিকেলে তাদের দুজনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

বহিষ্কৃত দুই নেতা হলেন- সংগঠনটির ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেন (৩০) ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাসান মুনতাছির রহমান (২০)।

রাকিব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে ও হাসান মুনতাছির একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাসান মুনতাছির রহমানের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকালাপের জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থায়ীভাবে (আজীবন) সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স একটি অরাজনৈতিক বিপ্লবী সংগঠন। সংগঠন সর্বদা শৃঙ্খলা, নৈতিকতা ও ন্যায়ের পক্ষে এবং কোনো প্রকার অনৈতিক কার্যকলাপকে সমর্থন করে না।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে ভোলা থানায় একটি চুরির মামলা করেন। এ মামলার ভয় দেখিয়ে বাপ্তা ইউনিয়নের শেখ ফরিদ নামের এক ব্যক্তির কাছ থেকে তার নাতি জিতু জড়িত আছে এবং পুলিশকে ম্যানেজ করার নাম দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

এমনকি তারা এ টাকার জন্য শেখ ফরিদের বাড়িতে গিয়ে বারবার চাপ প্রয়োগ করলে গত ৩ আগস্ট তাদের দেড় লাখ টাকা দেন শেখ ফরিদ। তিনি আরো জানান, পরবর্তী সময়ে আবারও শেখ ফরিদের বাড়িতে গিয়ে আরো ১০ হাজার টাকা নেন তারা। এরপর আবার পুলিশের কথা বলে আরো ২০ হাজার টাকা দাবি করলে বিষয়টি জিতুর পরিরের কাছে সন্দেহ হয়। পরে ভোলা থানায় এসে এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে রাকিব ও মুনতাছিরের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন। এ মামলার আলোকে গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মো. রাকিব ও হাসান মুনতাছির রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের কাছ থেকে চাঁদাবাজির মোট এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তী সময়ে তাদের চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তবে ট্রাকটি আটক করলেও পালিয়েছে ঘাতক চালক। মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে এবং পেশায় একজন কৃষক।

নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সিরাজুল তালতলী বাজার থেকে বাড়ির জন্য প্রয়োজন বাজার শেষে সড়ক অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী ইট বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় ভোলার গুরুত্বপূর্ণ এ সড়কের যানবাহন চলাচল।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এছাড়া স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হচ্ছে। এসব দুর্ঘটনারোধে ওই এলাকায় গতিরোধকের দাবিও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো.গোফরান বলেন, স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় নিহতের পরিবার বলেছে তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

 

মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ধারাবাহিক ফোন কলের অংশ হিসেবে দ্বিতীবারের মতো পেজেশকিয়ানকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন।

এর আগে গত ৬ মার্চ তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর ৯ মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।

বিবৃতি অনুযায়ী, মঙ্গলবারের ফোনালাপে ‘ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে।

এর আগে ৯ মার্চ ট্রাম্পের সঙ্গে তার প্রায় এক ঘণ্টা ফোনে কথা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়। এরপরেই ট্রাম্প বলেছিলেন যে, শিগগিরই যুদ্ধ শেষ হচ্ছে।

জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 

(মঙ্গলবার) বিকেলে দীর্ঘ বৈঠকের পর এ কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

পাঁচ সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন—প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে এ কমিটি।

এ দিন দুপুরে সাইমুম রেজার অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটা গুরুতর অভিযোগ। এমন কিছু আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি জানি না।