খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

পিরোজপুরে ৫৩৯ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
পিরোজপুরে ৫৩৯ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

পিরোজপুরে ৫৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া ২২০টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা চরমভাবে ব্যাহত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী, পিরোজপুরে সাত উপজেলায় ৯৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই বিদ্যালয়গুলোর মধ্যে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ আছে ৯৮৯টি। ৯৮৯টি পদের মধ্যে কর্মরত ৪৫০ জন প্রধান শিক্ষক। এর মধ্যে সরাসরি নিয়োগ পদ রয়েছে ২৩টি, বাকি পদগুলো পদোন্নতি।

দীর্ঘদিন ধরে সরাসরি নিয়োগের ২৩টি পদ শূন্য রয়েছে। ৩০৩টি বিদ্যালয়ে চলতি দ্বায়িত্ব ও বাকি ২৩৬টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই কার্যক্রম চলছে। জেলার ৯৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ভর্তি হিসেবে এক লাখ ১১ হাজার ৫১ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এসব শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে কর্মরত মাত্র ৫ হাজার ১৮৪ জন।

সহকারী শিক্ষকের অনুমোদিত পদ চার হাজার ৯৫৯টি। ওই পদে শূন্য আছেন ২২০ জন শিক্ষক। এ ছাড়া বিদ্যালয় পরিচালনার জন্য ৪৩টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এইউইও) পদ রয়েছে। এর মধ্যে কর্মরত ১৯ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা। বাকি ২৪টি পদ বিভিন্ন মেয়াদে শূন্য রয়েছে।

শূন্যতার শেষ নেই খোদ জেলা অফিসও কর্মচারীর অভাবে দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জেলা অফিসসহ সাত উপজেলায় ১১ গ্রেড থেকে ২০ গ্রেডের পদ আছে ৪৪টি, যার বিপরীতে কর্মরত আছেন ৮ জন, শূন্যপদ ৩৬টি। জেলার ৮টি অফিসে এমএলএস নেই একজনও, ১৬ গ্রেডে ১৮ জনের বিপরীতে ৮টি অফিসে কর্মরত আছেন ৫ জন, ১৪ গ্রেডে ৮ জনের স্থানে আছে একজন, ক্যাশিয়ারের পদটিও শূন্য, সহকারী ক্যাশিয়ারের ৭টি পদে কর্মরত একজন, নেই ড্রাইভারও। অফিসের কর্মচারীরা জানান, ২০০৪ সালের পর কোনো পদে নিয়োগ হয় নাই। এই পদগুলো শূন্য রয়েছে ২১ বছর ধরে।

জেলার সদর উপজেলায় প্রধান শিক্ষকের ১৩৩টি পদের মধ্যে নেই ৬৭টি, চলতি দ্বায়িত্বে ৩৫ জন, নাজিরপুর উপজেলায় ১৮২টি মধ্যে নেই ৮৬টি, চলতি দ্বায়িত্বে ৪২ জন, ইন্দুরকানী উপজেলায় ৬৯টি মধ্যে নেই ৪৪টি, চলতি দ্বায়িত্বে ২৯জন, মঠবাড়িয়া উপজেলায় ২০৬টি মধ্যে নেই ১৩৫টি, চলতি দ্বায়িত্বে ৫৪ জন, ভান্ডারিয়া উপজেলায় ১৬২টি মধ্যে নেই ৮৮টি, চলতি দ্বায়িত্বে ৮৪ জন, নেছারাবাদ উপজেলায় ১৭০টি মধ্যে নেই ৮৫টি, চলতি দ্বায়িত্বে ৪৪জন এবং কাউখালী উপজেলায় ৬৭টি মধ্যে নেই ৩৪টি, চলতি দ্বায়িত্বে ১৫ জন। সরাসরি নিয়োগ ২৩ প্রধান শিক্ষক পদে প্রার্থী হতে ইচ্ছুক কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, এই পদটিতে দ্রুত নিয়োগ দেওয়া হোক।

জেলার সাতটি উপজেলার অত্যন্ত ৩০টি স্কুলের চলতি দ্বায়িত্ব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ক্লাস নিতে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের দ্বৈত দায়িত্ব পালন করতে হচ্ছে। বিদ্যালয়ের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালন করতে অনেককে বেশ বেগ পোহাতে হয়। আমাদের চলতি দ্বায়িত্ব ও ভারপ্রাপ্ত থেকে পদোন্নতি করা হোক। অভিভাবকদের অভিযোগ, শিক্ষক কম থাকায় শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, প্রধান শিক্ষকদের পদশূন্য থাকার কারণে শিক্ষার্থীরা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। একজন প্রধান শিক্ষকের বিভিন্ন কাজ থাকে, এ কাজগুলো যদি চলতি বা ভারপ্রাপ্ত শিক্ষক থেকে করা হয়, তাহলে ওই শিক্ষকের শ্রেণি পাঠদান করানো হয় না। শূন্য পদগুলো খুব দ্রুত পূরণ করার চেষ্টা চলছে। সরকার আমাদের ডিপার্টমেন্ট পর্যায়ক্রমে পদোন্নতি দিচ্ছে। নিয়োগ প্রক্রিয়াধীন, এগুলো নিয়োগ হবে।

বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মিজ নিলুফার ইয়াসমিন জানান, আমাদের যতগুলো পদশূন্য আছে, তার তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া ও পদোন্নতি করা হবে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।