খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি ও পুনর্বাসনের দাবি

কলাপাড়া প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি ও পুনর্বাসনের দাবি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকার শিক্ষিত বেকার যুব সমাজ এবার ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে তাদের ৮ দফা দাবি মেনে নেওয়া না হলে তারা ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত বছর সেপ্টেম্বর মাসে তারা প্রথম পায়রা তাপবিদ্যুৎ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত বেকার যুব সমাজের ব্যানারে ৮ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। তখন মানববন্ধন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। সেই আল্টিমেটামের শেষ দিনে বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে সেনাবাহিনীর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়। বৈঠকে ৭০ শতাংশ দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, প্রায় এক বছর পেরিয়ে গেলেও কোনো দাবিই পূরণ হয়নি।

ক্ষতিগ্রস্তদের ৮ দফা দাবিগুলো হলো:
১. দুর্নীতির সঙ্গে জড়িত সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম ও প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মৌলাকে অপসারণ ও তদন্ত সাপেক্ষে গ্রেফতার করতে হবে।
২. ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সময়ের মধ্যে অর্থ প্রদান করতে হবে।
৩. ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
৪. ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে এবং ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্পের প্রতিটি পরিবারের জীবনমানের উন্নয়নের ব্যবস্থা করতে হবে।
৫. বিদ্যুৎ খাতের মাফিয়াদের সঙ্গে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আউটসোর্সিং কোম্পানিগুলোর সকল চুক্তি বাতিল করতে হবে।
৬. সাবেক বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ সচিব, ব্যবস্থাপনা পরিচালক এবং প্ল্যান্ট ম্যানেজার কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তাকে অপসারণ করতে হবে।
৭. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে প্রায় ৭০০-৮০০ একর আবাদি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেগুলো অনাবাদি রয়েছে; অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
৮.পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি ও দেশের সম্পদ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

এ বিষয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম (এইচআর) শহীদ উল্লাহ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি প্রশ্নগুলো লিখিতভাবে পাঠাতে বলেন এবং জানান যে পরে তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যুবকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।