খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

পাঁচ চিকিৎসকে ধুঁকছে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স

বেতাগী প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
পাঁচ চিকিৎসকে ধুঁকছে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ও জনবলের তীব্র সংকটের কবলে পড়েছে। এতে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ৫০ শয্যার এই হাসপাতালে ২৮ জন চিকিৎসকের সরকারি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৫ জন।

২৩টি পদই শূন্য থাকায় উপজেলার কয়েক লাখ মানুষ ন্যূনতম চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে ভয়াবহ চিত্র বিশেষজ্ঞ চিকিৎসকের ক্ষেত্রে—জুনিয়র কনসালটেন্টের ১০টি পদের একটিতেও কোনো চিকিৎসক না থাকায় প্রতিষ্ঠানটি একটি নামসর্বস্ব হাসপাতালে পরিণত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুধু পদই শূন্য নয়, কর্মরতদের নিয়েও রয়েছে চরম অব্যবস্থাপনার অভিযোগ। নথি বলছে, একজন মেডিক্যাল অফিসার ২০২৩ সালের আগস্ট মাস থেকে এবং একজন প্যাথোলজিস্ট চলতি বছরের জানুয়ারি মাসে যোগদানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত। গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও তাদের দীর্ঘ অনুপস্থিতি নিয়ে কোনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

প্যাথোলজিস্ট না থাকায় হাসপাতালের ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা প্রায় বন্ধ। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে, যেখানে কয়েকগুণ বেশি অর্থ গুনতে হচ্ছে তাদের।

বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জরুরি সেবাও মুখ থুবড়ে পড়েছে। মেডিসিন, সার্জারি, গাইনি ও শিশুসহ গুরুত্বপূর্ণ ১০টি বিশেষজ্ঞ পদই শূন্য। সার্জন না থাকায় অ্যানেস্থেটিস্ট কর্মরত থাকলেও হাসপাতালে বড় কোনো অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। ফলে প্রসূতি মা কিংবা দুর্ঘটনায় আহত মুমূর্ষু রোগীদের প্রায় ৬০ কিলোমিটার দূরের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ছাড়া আর কোনো উপায় থাকছে না।

এই সংকট শুধু চিকিৎসকের মধ্যেই সীমাবদ্ধ নয়। নার্স, মিডওয়াইফ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর অর্ধেকের বেশি পদ শূন্য থাকায় হাসপাতালের সার্বিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীর অভাবে ওয়ার্ড ও শৌচাগারগুলোর অবস্থা শোচনীয়। নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে রোগীদের ভোগান্তি আরও বেড়েছে। শয্যার অভাবে অনেককেই মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্দি-জ্বর নিয়ে হাসপাতালে আসা আব্দুল জব্বার নামের এক ভুক্তভোগী ক্ষোভের সঙ্গে বলেন, ‘বাবাকে নিয়ে সকাল ৯টায় এসেছি, দুপুর ১২টা বাজে। এখনো ডাক্তারের দেখা পাইনি। শুনলাম আজ একজন মাত্র ডাক্তার। সামান্য পরীক্ষার জন্যও বাইরে যেতে হয়। এখানে শুধু বিল্ডিংটাই আছে, সেবার কিছুই নেই।’

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. মোবাশ্বির আহমেদ জানান, চরম জনবল সংকটের কারণে একজনকে টানা ২৪ ঘণ্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে, যা অমানবিক ও ঝুঁকিপূর্ণ। দুজন নারী চিকিৎসককে এখানে নিয়োগ দেওয়া হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। তাদের দেওয়া ফোন নম্বরও ভুল পাওয়া গেছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় হৃদরোগ বা ডেঙ্গুর মতো জটিল রোগীদের প্রাথমিক চিকিৎসাটুকুও দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, ৫০ শয্যার অনুমোদন থাকলেও ভবন নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় চালু রাখা সম্ভব হয়েছে মাত্র ২৭টি শয্যা, যার ফলে রোগীদের প্রায়ই মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয়।

এই সার্বিক অব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরাসরি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার হাসপাতালে ইনফরমেশন অফিসার আছেন, আপনি উনার সাথে কথা বলেন। উনার যেটা ভাষণ (বক্তব্য), আমারও সেইম ভাষণ।’ শীর্ষ কর্মকর্তার এমন কৌশলী নীরবতা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সমন্বয়হীনতাকেই স্পষ্ট করে তুলেছে।

এ প্রসঙ্গে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপুল শিকদার বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটের বিষয়টি আমরা অবগত আছি। শূন্য পদে জরুরি ভিত্তিতে চিকিৎসক ও কর্মচারী নিয়োগের জন্য আমরা জেলা পর্যায়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সীমিত জনবল নিয়েও যাতে রোগীরা সর্বোচ্চ সেবা পান, সে বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং দ্রুত এই সংকট নিরসনে আমরা আশাবাদী।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।