খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

পবিপ্রবি’র ছাত্রী হলে তল্লাশিতে পুরুষ কর্মচারীর উপস্থিতি, শিক্ষার্থীদের ক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
পবিপ্রবি’র ছাত্রী হলে তল্লাশিতে পুরুষ কর্মচারীর উপস্থিতি, শিক্ষার্থীদের ক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কবি সুফিয়া কামাল হলে তল্লাশির সময় পুরুষ কর্মচারীর উপস্থিতিকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

১৪ আগস্ট রাতে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের নেতৃত্বে হলে সিট তদারকি ও ইন্ডাকশন চুলা হিটার জব্দের সময় এ ঘটনা ঘটে। ছাত্রীদের অভিযোগ, ওই অভিযানে এক পুরুষ ইলেকট্রিশিয়ান ছাত্রীদের কক্ষে প্রবেশ করেন, এমনকি একটি রুমের তালাও ভেঙে ঢোকা হয়।

ছাত্রীদের প্রশ্ন, ঘটনার দিন অধিকাংশ ছাত্রী হলে না থাকলেও কেন ওই সময়েই এ অভিযান চালানো হলো। ডাইনিংয়ের খাবারের মান এতটাই নিম্নমানের যে অনেকে বাধ্য হয়ে নিজে রান্না করে খাচ্ছেন।

ফিশারিজ অনুষদের ছাত্রী দিনা বলেন, ছাত্রী হলে পুরুষ কর্মচারীর প্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা হস্তক্ষেপ।

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের রুমালি বলেন, ‘হলে খাবারের মান ভালো হলে আমাদের রান্না করতে হতো না। পড়াশোনার পাশাপাশি খাবার নিয়েও এত ভোগান্তি পোহাতে হতো না।’

এ বিষয়ে সহকারী প্রভোস্ট ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক মোছা. নিলয় জামান শান্তা বলেন, ‘নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দের জন্য রুম পরিদর্শনে যাই। সে সময় রান্নার সরঞ্জাম পাওয়া গেলে তা জব্দ করা হয়। কোনো রুমের তালা ভাঙা হয়েছে শুধু জরুরি পরিস্থিতিতে, এক ছাত্রী অসুস্থ হয়ে ভেতরে আটকা পড়েছিল, এই জন্য।’

পুরুষ ইলেকট্রিশিয়ান নিয়ে অভিযানে যাওয়ার বিষয়ে তিনি বলেন, হিটার খুলে আনার জন্য ইলেকট্রিশিয়ানকে নেওয়া হয়েছিল। তল্লাশি করার দায়িত্ব তাঁর ওপর দেওয়া হয়নি। তারপরও ভবিষ্যতে এ ধরনের অভিযানে পুরুষ কর্মচারীকে আর নেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘আমি ক্যাম্পাসে না থাকায় সরাসরি অবগত নই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।