খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

পবিপ্রবি’র গবেষণায় শৈবাল হয়ে উঠছে ‘সবুজ সোনা’

পবিপ্রবি প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
পবিপ্রবি’র গবেষণায় শৈবাল হয়ে উঠছে ‘সবুজ সোনা’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গবেষণায় সামুদ্রিক শৈবাল উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নতুন আয়ের উৎস এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি কার্যকর সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মুখে, তখন সামুদ্রিক শৈবাল চাষ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

পবিপ্রবি’র মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং এআইআরডি-এর যৌথ উদ্যোগে, বিশ্বব্যাংকের অর্থায়নে ও মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের আওতায় এই গবেষণা পরিচালিত হচ্ছে। বাংলাদেশের ৭১০ কিলোমিটার উপকূলীয় এলাকা এবং ২৫ হাজার বর্গকিলোমিটার জলরাশি শৈবাল চাষের জন্য অত্যন্ত উপযোগী।

বর্তমানে দেশে প্রায় ২০০ প্রজাতির শৈবাল পাওয়া যায়, যার মধ্যে ১৯টি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। উলভা ইনটেসটিনালিস বা স্থানীয়ভাবে পরিচিত ‘ডেললা’ খুব দ্রুত বৃদ্ধি পায়, লবণাক্ত পানিতে টিকে থাকে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে।

প্রধান গবেষক ড. মো. রাজীব সরকার জানান, শৈবাল উচ্চমানের প্রোটিন, ভিটামিন, মিনারেলস ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, নারীদের আয়রনের ঘাটতি পূরণে এবং বায়োপ্লাস্টিক ও বায়োডিজেল তৈরিতে সহায়ক।

বরগুনার কুয়াকাটা, লেবুরচর ও গঙ্গামতিতে রশি ও জালে পরীক্ষামূলকভাবে শৈবাল চাষ করা হচ্ছে, যার জন্য কোনো জমি বা রাসায়নিক সারের প্রয়োজন নেই। এই শৈবাল থেকে বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য যেমন—নরি শিট, ট্যাবলেট, আইসক্রিম, বিস্কিট, মিষ্টি, সাবান ও ফেসপ্যাক তৈরি করা হচ্ছে।

গবেষকদের মতে, প্রতি কেজি শৈবাল প্রায় ০.৭ কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অত্যন্ত কার্যকর। কক্সবাজারের একজন শৈবাল চাষি ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা আয় করতে পারছেন।

ধারণা করা হচ্ছে, ২০২৮ সালের মধ্যে বিশ্বে শৈবালের বাজার ২৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। সহকারী গবেষক ড. মো. আরিফুল আলম বলেন, “শৈবাল চাষ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে উপকূলীয় অঞ্চলগুলো টেকসই উন্নয়নের রোল মডেল হয়ে উঠবে।” সামগ্রিকভাবে, শৈবাল শুধু একটি উদ্ভিদ নয়, এটি জলবায়ু সুরক্ষা ও উপকূলীয় মানুষের জীবিকার জন্য এক নতুন আশার আলো।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।