নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মিরাজ গ্রেপ্তার
রাজধানীতে পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মো. মিরাজ খানকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সিটি-আরঅ্যান্ডডি বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজ খানকে গ্রেপ্তার করে।
গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে ইনকিলাব ভবনের সামনের রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে অংশ নেন মিরাজ খান এবং এর ভিডিও রিল আকারে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।
তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর তিনি ফার্মগেট এলাকায় ঢাকা মহানগরীতে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক জনসমাগম ঘটিয়ে মিছিলের প্রস্তুতি নেন। পরবর্তীতে ১০ অক্টোবর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলে অংশ নিয়ে পুনরায় ভিডিও রিল নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।
নিষিদ্ধ এই সংগঠনের বিভিন্ন মিছিলে লোক সংগ্রহের ক্ষেত্রে মিরাজ খান একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
গ্রেপ্তারের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন
Array