খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের হুঁশিয়ারি ডিসির

দুমকি প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের হুঁশিয়ারি ডিসির

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে কোনো ধরনের বেআইনী তৎপরতা সহ্য করা হবে না। তিনি বলেন, “সে যত বড় সাংবাদিক কিংবা রাজনৈতিক প্রভাবশালী হোক না কেন, আই ডোন্ট কেয়ার।”

সোমবার (২২ সেপ্টেম্বর ) সকালে দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তার এই বক্তব্যে গণমাধ্যম কর্মীরা হতাশ ও অবাক হয়েছেন।
গণমাধ্যম কর্মীরা বলছেন নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করে, যারা বাঁধা প্রদান করে, যারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে,গোলযোগ করে সেই সকল ষড়যন্ত্রকারী, বিশৃঙ্খলাকারী, সন্ত্রাসীদের তিনি হুঁশিয়ারি করতে পারেন। কিন্তু গণমাধ্যম কর্মীরা তো এসবের সাথে যুক্ত না, গণমাধ্যম কর্মীরা শুধু নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং সেটা সবার সামনে তুলে ধরেন। কিন্তু তিনি কেন গণমাধ্যম কর্মীদের সাবধান করলেন এটা বোধগম্য নয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ইউএনও আবুজর মো. এজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, জামায়াত আমীর মাওলানা জালাল উদ্দিন ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জুয়েল।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. সহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সুনীল দাস, ছাত্র প্রতিনিধি দুর্জয়, প্রেসকাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান, আঙ্গারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান এবং এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির প্রমুখ।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।