খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

ধর্ষণকাণ্ড রফাদফার কথা বলে লাখ টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
ধর্ষণকাণ্ড রফাদফার কথা বলে লাখ টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নেছারাবাদ প্রতিনিধি : নেছারাবাদে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপস মীমাংসার কথা বলে এক লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। মনজুরুল কবির নামের ওই নেতা চামী গ্রামের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ভুক্তভোগী পরিবার ওই নেতার সালিস না মেনে থানায় মামলা দেওয়ার পর টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হয়। শুক্রবার উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৫ জুলাই বেলা ১১টার দিকে বাড়ির পাশের মনির হোসেন ফরাজির দোকানে যায় ওই শিশুটি। দোকানি মনির তাকে জোর করে দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনজুরুল কবির অভিযুক্ত পরিবারকে আপস মীমাংসার কথা বলে এক লাখ টাকা আদায় করে নেয়। ধর্ষিতার পরিবার বিষয়টি জেনে নেছারাবাদ থানায় মনির হোসেন ফরাজিকে আসামি করে শনিবার রাতে থানায় মামলা দেয়। পুলিশ আসামি মনিরকে গ্রেপ্তার করে রোববার সকালে পিরোজপুর আদালতে পাঠায়।

অভিযুক্ত মনিরের মা মোসাম্মৎ মাহাফুজা বেগম বলেন, `আমার ছেলে একটু অপরাধ করে বসেছে। এ জন্য তাকে ধরে অনেক মারধর করেছে সাবেক মেম্বার মনজুরুল কবির। পরে চৌকিদার সজীব মাঝির মাধ্যমে মেম্বার এক লাখ টাকা নিয়েছেন। টাকা দেওয়ার পরও আমার ছেলের নামে মামলা হল কেন?’

গ্রাম্য চৌকিদার সজীব মাঝি বলেন, `আমি হাত থেকে কোন টাকা নেইনি। ওয়ার্ড বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য মো. মনজরুল কবির মীমাংসার কথা বলে সবার সামনে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। পরে মামলা হওয়ায় সে টাকা ফেরত দেওয়া হয়েছে। আমি কোন টাকা ধরিনি।’

তবে মনজুরুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোন টাকা নিইনি। কারা টাকা নিয়েছে, তা আমি জানি না। আমি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য। একটা সালিস বিচারে গেলে নানা লোকে নানা কথা বলতেই পারে। তাতে কি প্রমাণ হয় আমি টাকা নিয়েছি?’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, `এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।