খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

দেশে ফাইভ-জির যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
দেশে ফাইভ-জির যাত্রা শুরু

রবি আজিয়াটা দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ফাইভ-জি সেবা চালুর ঘোষণা দিয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) রবির করপোরেট অফিসে এ সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় ফাইভ-জি প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দ্রুতগতির কানেকটিভিটি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এ প্রযুক্তি জনগণকে ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে সক্রিয়ভাবে যুক্ত করবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘বাংলাদেশে ফাইভ-জি চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাত নতুন দিগন্তে প্রবেশ করল। আমরা আশা করি, অপারেটরেরা দায়িত্বশীলভাবে এ প্রযুক্তি ব্যবহার করে জনগণকে সর্বোচ্চ সুবিধা দেবে।’

রবি আজিয়াটা পিএলসির ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রাশিদ বলেন, ‘সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণে আমরা দ্রুততম সময়ে ফাইভ-জি বাস্তবে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এ পরীক্ষামূলক রোল আউট বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে পরবর্তী ধাপে নিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের মানুষ এখন হাতে-কলমে ভবিষ্যতের কানেকটিভিটি অভিজ্ঞতা করতে পারবেন।’

রবি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে রবির ফাইজি-জি সেবা ইতিমধ্যে সক্রিয় করা হয়েছে। ঢাকার ফকিরাপুল (পল্টন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা (শাহবাগ), মগবাজার চৌরাস্তা, চট্টগ্রামের খুলশী, সিলেটের সাগরদীঘির পাড় এলাকায় এখন ফাইভ-জি সেবা সক্রিয় রয়েছে। এ সেবার আওতায় নির্দিষ্ট এলাকাগুলোতে ফাইভ-জি সাপোর্টেড ডিভাইস ব্যবহারকারী গ্রাহকেরা সরাসরি এই অত্যাধুনিক নেটওয়ার্ক অভিজ্ঞতা নিতে পারবেন। পরে ধাপে ধাপে আরও এলাকায় এ সেবা সম্প্রসারণ করা হবে।

ফাইভ-জি সেবা চালুর মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল ট্রান্সফরমেশনের এক নতুন অধ্যায় সূচনা হলো। উচ্চগতির ব্যান্ডউইথ, লো ল্যাটেন্সি ও বৃহৎ ডিভাইস কানেকটিভিটির সুবিধা নিয়ে ফাইভ-জি সেবা স্মার্ট সিটি, টেলিমেডিসিন, এআর/ভিআর, ক্লাউড গেমিংসহ বহু উদীয়মান খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের।

রবি জানিয়েছে, শীর্ষ প্রযুক্তি পার্টনার এরিকসন ও হুয়াওয়ের সঙ্গে মিলে রবি ফাইভ-জি উপযোগী নেটওয়ার্ক, ডিভাইস ও সলিউশন ইকোসিস্টেম তৈরি করছে।

এদিকে আজ দুপুরে রবির ফাইভ–জি চালুর ঘণ্টাখানেকের মধ্যে দেশের আরও এক মোবাইল অপারেটর গ্রামীণফোন তাদের ফাইভ-জি সেবা চালুর ঘোষণা দেয়। ফেসবুকে এক ভিডিওবার্তায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেছেন, ‘আমরা সব সময়ই অনেক নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে আপনাদের কাছে আসি। আজকে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে , গ্রামীণফোনের নম্বর ওয়ান নেটওয়ার্ক থেকে আমরা আজকে ফাইভ-জি চালু করছি বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে।’

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।