খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

তিন দফা দাবিতে পায়রা সেতুর টোল প্লাজা অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
তিন দফা দাবিতে পায়রা সেতুর টোল প্লাজা অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজা অবরোধ করেছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লেবুখালী-পায়রা সেতুর টোল প্লাজার সামনের মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনে সহিংসতা বা অরাজকতার কোনো ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীরা বলেন, কৃষিবিদেরা দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষি উন্নয়নে নিরলস পরিশ্রম করলেও তাঁদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে ডিপ্লোমাধারীদের কিছু দাবি উত্থাপিত হওয়ায় কৃষিবিদ সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি হলো—কৃষিবিদদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা, কৃষিক্ষেত্রে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি বাতিল করা ও কৃষিবিদদের পেশাগত উন্নয়ন, পদোন্নতি ও প্রণোদনা কাঠামো দ্রুত কার্যকর করা।

কৃষি অনুষদের শিক্ষার্থী আশিকুর রহমান লিমন বলেন, ‘আমরা কৃষির মাঠে কাজ করি, কৃষকদের পাশে দাঁড়াই। অথচ আমাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয় না। সরকারকে সতর্ক করছি, যদি দ্রুত তিন দফা দাবি পূরণ না হয়, তবে আন্দোলন আরও কঠোর হবে।’

আরও এক শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির কারণে কৃষিবিদদের পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা তা মেনে নিতে পারি না।’

আন্দোলনরত শিক্ষার্থী রেখা তাবাসসুম ও রেজওয়ান হাসান বলেন, বিএসসি কৃষিবিদদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। আন্দোলনের সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘সার্বিক নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি যথাযথ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।’

 

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।