খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

তালতলী‌তে রাস্তায় মঞ্চ, সংবর্ধনার ভোগান্তিতে সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
তালতলী‌তে রাস্তায় মঞ্চ, সংবর্ধনার ভোগান্তিতে সাধারণ মানুষ

বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির তিন নেতাকে সংবর্ধনা দিতে মঙ্গলবার বিকেলে তালতলীর সদর রোড যেন রূপ নেয় জনসমুদ্রে। তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে রাস্তায় স্থাপন করা হয় মঞ্চ। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করেই গত ২৮ সেপ্টেম্বর নবগঠিত কমিটির নেতারা মোটরসাইকেল শোভাযাত্রা শেষে পাশ্ববর্তী আমতলী উপজেলার চারটি স্থানে গণ সংবর্ধনা নেন।

বিকেল সাড়ে ৪টায় শাখারিয়া, মহিষকাটা, বটতলা ও আমতলী চৌরাস্তায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। এভাবে সড়ক আটকে সংবর্ধনা দেওয়ায় যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘মোটরসাইকেল শোভাযাত্রা কিংবা রাস্তা আটকে কোনো সংবর্ধনা করা যাবে না। কেন্দ্রের এমন নির্দেশনা রয়েছে।

তার পরেও যারা এটি করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তালতলীতে সংবর্ধনার জন্য সোমবার সন্ধ্যা থেকেই সদর রোডের দুই-তৃতীয়াংশজুড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। মঙ্গলবার দুপুর থেকেই বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে পৌঁছাতে থাকেন। বিকেল ৩টার আগেই সড়কটি পুরোপুরি জনসমুদ্রে ভরে যায়।

বিএনপির চারটি গ্রুপের অনুসারী নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়ায় সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা থাকায় বাজার কমিটির অধিকাংশ দোকান বন্ধ রাখা হয়। পূর্বে অন্তত তিনবার বিবদমান গ্রুপের মধ্যে সংঘর্ষ ও মামলা-পাল্টা মামলার ঘটনা ঘটেছিল।

স্থানীয়রা জানান, সাধারণত রাজনৈতিক কর্মসূচি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিংবা তালতলী সালেহিয়া আলীম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। দুইটি মাঠ থাকা সত্ত্বেও হঠাৎ রাস্তায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনকে কিছু নেতাকর্মী অস্বস্তিকর মনে করেছেন। তবে প্রকাশ্যে কেউ সরাসরি মন্তব্য করতে রাজি হননি।

তালতলী বহুমুখী বাজার কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন বলেন, ‘বিকেলে সদর রোডে মানুষের আনাগোনা কম থাকে। অধিকাংশ দোকানও বন্ধ থাকে। এই কারণেই রাস্তায় মঞ্চ করা হয়েছে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বলেন, ‘বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের তালতলী সফরের জন্য এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাস্তায় মঞ্চ হলেও যান চলাচলের জন্য পাশে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। ট্রাফিকের দায়িত্বে কর্মীরাও নিয়োজিত রয়েছেন।’

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন কালের কণ্ঠকে জানিয়েছেন, আওয়ামী লীগের সময়ও এই রাস্তায় কর্মসূচি হয়েছে। তালতলীর জন্য এটা একটি রেওয়াজে পরিণত হয়েছে। তাই এ বিষয়ে আপত্তি তুলিনি। সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জন্য নেতাকর্মীরা সংবর্ধনার আয়োজন করেছে।

জানা গেছে, তিন বছর পর ২২ সেপ্টেম্বর রবিবার রাতে বরগুনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্যসচিব ও ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, রাজনীতি মানুষের কল্যাণে হওয়া উচিত। কিন্তু রাস্তায় মঞ্চ করে মানুষের যাতায়াত বন্ধ করলে এটা অকল্যাণ বয়ে আনে। এমন সংবর্ধনা ঠিক হয়নি। সংবর্ধনায় কয়েক হাজার নেতাকর্মী, যুবদল ও ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ
ভোলায় ট্রাক চাপায় পথচারী নিহতে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

ভোলা সদর উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ইট বোঝাই ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তবে ট্রাকটি আটক করলেও পালিয়েছে ঘাতক চালক। মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

সিরাজুল ইসলাম আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অবদার আলী মালের ছেলে এবং পেশায় একজন কৃষক।

নিহতের ভাতিজা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সিরাজুল তালতলী বাজার থেকে বাড়ির জন্য প্রয়োজন বাজার শেষে সড়ক অতিক্রম করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘুইংগারহাট এলাকা থেকে ভোলা সদরগামী ইট বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বিক্ষুব্ধরা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে প্রায় আধাঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় ভোলার গুরুত্বপূর্ণ এ সড়কের যানবাহন চলাচল।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এছাড়া স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটে প্রাণহানি হচ্ছে। এসব দুর্ঘটনারোধে ওই এলাকায় গতিরোধকের দাবিও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক মো.গোফরান বলেন, স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়ার পর আমরা ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। এ ঘটনায় নিহতের পরিবার বলেছে তারা মামলা করবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

 

মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ধারাবাহিক ফোন কলের অংশ হিসেবে দ্বিতীবারের মতো পেজেশকিয়ানকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন।

এর আগে গত ৬ মার্চ তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল, যখন পুতিন পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষ করেন। এরপর ৯ মার্চ পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।

বিবৃতি অনুযায়ী, মঙ্গলবারের ফোনালাপে ‘ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছে।

এর আগে ৯ মার্চ ট্রাম্পের সঙ্গে তার প্রায় এক ঘণ্টা ফোনে কথা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়। এরপরেই ট্রাম্প বলেছিলেন যে, শিগগিরই যুদ্ধ শেষ হচ্ছে।

জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

 

(মঙ্গলবার) বিকেলে দীর্ঘ বৈঠকের পর এ কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

পাঁচ সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন—প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে এ কমিটি।

এ দিন দুপুরে সাইমুম রেজার অভিযোগ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এটা গুরুতর অভিযোগ। এমন কিছু আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি জানি না।