খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

‘তারেক রহমানের নির্দেশে বিএনপিতে জ্ঞাননির্ভর রাজনীতি চালু হয়েছে’

ঝালকাঠি প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
‘তারেক রহমানের নির্দেশে বিএনপিতে জ্ঞাননির্ভর রাজনীতি চালু হয়েছে’

বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়া উদ্দিন হায়দার বলেছেন, ‘তারেক রহমানের নির্দেশে বিএনপিতে জ্ঞাননির্ভর রাজনীতি চালু হয়েছে।’ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নলছিটি প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিয়া উদ্দিন হায়দার বলেন, ‘তারেক রহমানের নির্দেশে আমরা রাজনীতির নতুন ধারা প্রবর্তন করেছি। আমরা আগে যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ছিলাম, তার পরিবর্তন এনেছি। এখন থেকে জ্ঞাননির্ভর রাজনীতি চালু হয়েছে। পাশাপাশি উন্নয়নকেন্দ্রিক রাজনীতিও চলবে।’

তিনি বলেন, ‘একটি স্বাধীন দেশে অনেক আগেই জ্ঞান ও উন্নয়নভিত্তিক রাজনীতি হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য ফ্যাসিস্ট সরকারের কারণে এগুলো বাস্তবায়ন হয়নি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করব।

এতেই দেশ এগিয়ে যাবে।’ তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সত্য, সুন্দর ও নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ করেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে বিএনপি আমূল পরিবর্তন আনবে। দেশের তৃণমূল পর্যায়ে যেন মানুষ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হবে।

প্রেস ক্লাবের সহসভাপতি শাহাদাত হোসেন মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাকিল মাহমুদ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল ও নলছিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ। এ সময় প্রেস ক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।