খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

৭ দফা দাবির সমর্থনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানিয়েও সমাধান পাচ্ছি না।”

তারা আরও বলেন, “অসম কমিটি গঠন করে আমাদের পেশাগত সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ বিবেচনা করছে, অথচ আমাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে।”

শিক্ষার্থী ফারজানা আক্তার পায়েল বলেন, “আমাদের এই আন্দোলন বেঁচে থাকার লড়াই। দাবি পূরণ না হলে আমরা ক্লাসে ফিরব না।”

শিক্ষার্থী রাশেদ বলেন, “প্রশাসনকে সময় দেওয়া হয়েছে, কিন্তু দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। আমাদের ৭ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “আমরা রাজপথে নেমেছি বাধ্য হয়ে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।”

শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “আমাদের দাবি বাস্তবায়ন হলে কেবল আমরা নয়, পুরো প্রকৌশল খাত উপকৃত হবে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে সারা দেশে একযোগে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।