খুঁজুন
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন, ১৪৩২

ড. ইউনূস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন : ফয়জুল করিম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
ড. ইউনূস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন : ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা। তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন। অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন।

তিনি নিরপেক্ষ নন, তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। তিনি বলেন, সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিলপট্টিতে ইসলামী আন্দোলনের আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশিমতো রিপোর্ট প্রকাশ করেন। প্রকৃত রিপোর্ট তারা করেন না। তারা রিপোর্টে লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, মানে কোনো পার্সেন্টেজ নেই, জরিপকারীরা দালাল।’

বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে ফয়জুল করিম বলেন, ‘গত ৫৩ বছরে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিল তাদের দ্বারা বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

এদেশের মানুষ ওইসব রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছে। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।’ দেশে কোনো ন্যায়বিচার নেই উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ‘বিচারিক কোর্ট এখন ঝুঁকে গেছেন। শেখ হাসিনা ক্ষমতায় নেই, আওয়ামী লীগের সব লোক এখন জেলে। সে সময় যারা ক্ষমতায় ছিল না, তারা এখন বাইরে।

তিনি বলেন, ‘আজ আমরা সবাই শামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য, এর মধ্য দিয়ে আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে পারবে, থাকবে না কোনো বৈষম্য, শিক্ষা-স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে। নিশ্চিত করা হবে সব ধর্মের মানুষের নিরাপত্তা।’ সর্বশেষ তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে জানান।

সমাবেশে অন্যদের মধ্যে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের খেলাফত মজলিসের প্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বিভিন্ন ইসলামিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ করতে দেখা গেছে।

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের এক আদালত।

বুধবার বিকেলে এ রায়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামিকে একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

দণ্ডপ্রাপ্ত আনিচ সরদার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।

মামলার বিবরণ দিতে গিয়ে ওই আদালতের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০০৭ সালের ১০ মে কাণ্ডপাশা গ্রামের এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক আনিচ সরদার।

“এ ঘটনায় ১৩ মে গৌরনদী থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার তরুনীর মা। ওই বছরের ২৭ অগাস্ট আনিচের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবে আলম।”

এ মামলার ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয় বলে জানান তিনি।

রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামে হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ জানান, ঘটনাস্থলে যাওয়ার পর সড়ক সরু হওয়ায় অগ্নিনির্বাপক গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়নি। পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভানোর কারণে কিছুটা দেরি হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, প্রথমে ওই বাড়ির মজিবুর হাওলাদারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের শাহআলম হাওলাদার ও হাসান হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ায় তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।ঘটনার পর বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

হিজলা প্রতিনিধি 
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না-রাজিব আহসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান  তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে অবহেলিত হিজলা আর অবহেলিত থাকবে না।

নানা প্রতিশ্রুতির মধ্যে রয়েছে একটি পৌরসভা, উপজেলা অডিটরিয়াম, উপজেলা কমপ্লেক্স ভবন, নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণসহ নানা প্রতিশ্রুতি। এছাড়াও সাধারন নাগরিকের সুবিধার নিশ্চিত এর লক্ষ্যে পুলিশ প্রশাসনের হয়রানি থেকে মুক্ত করা হবে।

 

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন সুমন, সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন  সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাপ হোসেন খোকন। বিকাল তিনটা থেকেই উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল এসে জনসভায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।