খুঁজুন
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ়, ১৪৩৩

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
ঝালকাঠিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের মানববন্ধন

ঝালকাঠির সদর উপজেলার কেফাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। আজ রোববার সকালে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মিত অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। স্কুলের সরকারি বরাদ্দের আর্থিক হিসাব-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করেন না। এ ছাড়া, অনিয়মিত শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং অন্য স্কুলে পাঠানোর চেষ্টা করেন।

বক্তারা বলেন, ‘প্রধান শিক্ষক শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। এমন আচরণ করছেন, যাতে আমাদের সন্তানেরা স্কুলে যেতে ভয় পায়। আমরা তার দ্রুত অপসারণ চাই। তা না হলে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেব।’

মানববন্ধনে বক্তব্য দেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক মো. সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক খান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদারসহ অনেকে। মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে অভিভাবকেরা এক সংক্ষিপ্ত বিক্ষোভও করেন।

এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরা বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি নিয়ম মেনেই দায়িত্ব পালন করছি এবং স্কুলের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘স্কুলের কয়েকজন শিক্ষক যথাযথভাবে পাঠদান করেন না, নিজেদের ইচ্ছামতো ছুটি নেন এবং বিভিন্ন অনিয়মে জড়িত। আমি এসব বিষয়ে কঠোর অবস্থান নিয়েছি। ফলে কিছু পক্ষ আমাকে হেয় করার চেষ্টা করছে, আমাকে বিদ্যালয় থেকে সরিয়ে দিতে চাইছে এবং এলাকাবাসীকে বিভ্রান্ত করছে।’

এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহিনুল ইসলাম মজুমদার বলেন, ‘দুই দিন আগে আমরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় শিক্ষা অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।