খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মীদের হামলায় সাবেক যুবদল নেতা আহত

ঝালকাঠি প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মীদের হামলায় সাবেক যুবদল নেতা আহত

ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের হামলায় আহত হয়েছেন শহর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান ফরাজি (৫৫)। বুধবার (১৩ আগস্ট) শহরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুই দিন আগে শহরের মসজিদবাড়ি এলাকায় সাবেক ওই যুবদল নেতার বাসার সামনের সড়কে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা ফেলে রাখেন। এ বিষয়ে তিনি আজ দুপুরে পৌরসভার পরিদর্শক জাহিদুল ইসলাম পলাশকে ময়লা সরিয়ে নিতে বলেন। এসময় ওই পরিদর্শক এখনই ময়লা সরিয়ে নেয়া যাবে না বলে জানান। এর একপর্যায়ে মিজানুর রহমান পরিদর্শক পলাশকে একটি চড় মারেন।

এ ঘটনার পরপর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা দলবদ্ধ হয়ে শহরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে মিজান ফরাজির ওপর হামলা চালান। এসময় তারা লাঠি, লোহার রড, বাঁশ ও পাথর দিয়ে মিজানুর রহমানের ওপর আঘাত করে আহত করে। হামলায় মিজানুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তিনি থানায় যান, পরে অবস্থা গুরুতর হওয়ায় সদর থানার ডিউটি অফিসার তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

আহতের স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হামলা। তারা বলেন, ময়লা না নেয়ার প্রতিবাদ করায় মিজানুর রহমানকে রক্তাক্ত করা হয়েছে। যদিও হামলার পরপরই অভিযুক্ত পৌরকর্মীরা উল্টো ঝাড়ু হাতে মিছিল বের করে মিজানুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীন সুলতানা জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি মিজানুর রহমান আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের মারধর করেছেন। তবে আমাদের কর্মীরা তাকে মারধর করেছেন কি না, তা আমি জানি না।

পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, মিজান পৌরসভার এক কর্মীকে মারধর করেছেন, তাই কর্মীরা তার প্রতিবাদ করেছে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে

স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, যারা মারধরের অভিযোগে অভিযুক্ত, তারাই রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এতে আসল অপরাধীকে আড়াল করে ভুক্তভোগীকেই দোষী বানানো হচ্ছে।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।