খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

জনপ্রিয়তা বাড়ছে এনসিপির, কমছে বিএনপি-জামায়াতের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
জনপ্রিয়তা বাড়ছে এনসিপির, কমছে বিএনপি-জামায়াতের

গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের অন্যতম বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনপ্রিয়তা বাড়িয়েছে।

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, যা ২০২৫ সালের জুলাইয়ে নেমে এসেছে ১২ শতাংশে। জামায়াতের জনপ্রিয়তা ১১ দশমিক ৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ শতাংশে।

অপরদিকে এনসিপির জনপ্রিয়তা ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২ দশমিক ৮ শতাংশ। তবে ‘কোন দলকে ভোট দেবেন’—এমন প্রশ্নে এখনো সিদ্ধান্ত নেননি ৪৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা।

সোমবার আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ মিলনায়তনে ‘বিআইজিডি পালস সার্ভে’–এর ফলাফল প্রকাশ করা হয়। যৌথভাবে এই আয়োজন করে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং ভয়েস ফর রিফর্ম।

‘জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা: জুলাই ২০২৫’ শীর্ষক জরিপে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, জনগণের সংস্কার প্রত্যাশা এবং আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বিষয়ে মতামত নেওয়া হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইজিডির ফেলো সৈয়দা সেলিনা আজিজ।

উপস্থিত ছিলেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর, বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো মিরাজ এম হাসান ও আসিফ শাহান। সারা দেশের ৬৪ জেলায় ৫ হাজার ৪৮৯ জন নারী ও পুরুষের মধ্যে চলতি বছরের ১ থেকে ২০ জুলাই পর্যন্ত টেলিফোনে জরিপটি পরিচালিত হয়।

জরিপের ফলাফলে বলা হয়, আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ২০২৪ সালের অক্টোবরে আওয়ামী লীগের সমর্থন ছিল ৮ দশমিক ৯ শতাংশ, যা ২০২৫ সালের জুলাইয়ে নেমে এসেছে ৭ দশমিক ৩ শতাংশে। জাতীয় পার্টির সমর্থন ২ দশমিক ৭ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। অন্যান্য ইসলামিক দলের সমর্থন ২ দশমিক ৬ শতাংশ থেকে নেমে হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। অন্যান্য দলের প্রতিও সমর্থন কমেছে। ‘কাকে ভোট দেবেন’—এমন প্রশ্নে উত্তর দিতে রাজি হননি ১৪ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা, যা গত অক্টোবরে ছিল ১২ দশমিক ৯ শতাংশ। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করলেও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে প্রেশার গ্রুপ হিসেবে সক্রিয় ছিল।

জরিপে আরও প্রশ্ন করা হয়, “আপনার নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে বলে মনে করেন?”—উত্তরে ৩৮ শতাংশ বলেন বিএনপির প্রার্থী, ১৩ শতাংশ জামায়াতের, ৭ শতাংশ আওয়ামী লীগের, ১ শতাংশ এনসিপির এবং ৩ শতাংশ অন্যান্য দলের প্রার্থী জিতবে। ২৯ শতাংশ ‘জানি না’ উত্তর দেন, আর ৯ শতাংশ প্রশ্নের উত্তর দেননি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদী ৭০ শতাংশ মানুষ। তাঁদের মতে, নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। অন্যদিকে ১৫ শতাংশ মনে করেন, নির্বাচন সুষ্ঠু হবে না। জরিপে অংশগ্রহণকারীদের ৫১ শতাংশ চান সংস্কারের পর নির্বাচন, ১৭ শতাংশ চান কিছু জরুরি সংস্কারের পর নির্বাচন। নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে হওয়ার পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ১২ শতাংশ, জুনের মধ্যে ১১ শতাংশ এবং ডিসেম্বর ২০২৬ বা তার পরে নির্বাচনের পক্ষে ২৫ শতাংশ।

জরিপের বিষয়ে সৈয়দা সেলিনা আজিজ বলেন, বর্তমানে সমস্যার ধরন বহুমাত্রিক এবং অর্থনীতির একতরফা প্রভাব কিছুটা কমেছে। এই বহুমাত্রিক সমস্যার কেন্দ্রে রয়েছে রাজনীতিসংক্রান্ত ইস্যু, যার মধ্যে আইনশৃঙ্খলার অবনতি, রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীলতা প্রধান। এসব কারণে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা কমেছে।

তিনি আরও বলেন, “মানুষ এই অস্থিতিশীলতার সমাধান খুঁজছে দুইভাবে—এক, নির্বাচন; দুই, সংস্কার। যদিও মানুষ নির্বাচনমুখী, আমাদের জরিপে দেখা গেছে একটি বড় অংশ এখনো সিদ্ধান্ত নেয়নি। ভোটের ক্ষেত্রে যোগ্য প্রার্থী মনোনয়ন বড় প্রভাব ফেলতে পারে।”

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।