খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

জনগণের প্রত্যাশা পূরণের জন্যই তারেক রহমানের ৩১ দফা: কাজী রওনাকুল ইসলাম টিপু

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
জনগণের প্রত্যাশা পূরণের জন্যই তারেক রহমানের ৩১ দফা: কাজী রওনাকুল ইসলাম টিপু

জনগণের প্রত্যাশা পূরণের জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠণ করতে পারলে জনগণকে সাথে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী সবধরনের উন্নয়নমূলক কাজ করা হবে।

বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু।

রবিবার (১০ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেছেন, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে নানা চড়াই উৎরাই পেরিয়ে দলের কঠিন দুর্দীনেও বিএনপির সবধরনের কর্মসূচি পালন থেকে কখনও পিছু হটিনি।

একারণে পতিত সরকারের সময়ে অসংখ্যবার হামলার স্বীকার হয়েছি। একাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছি। তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিদের্শনা অনুযায়ী প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজেকে জড়িয়ে রেখেছি।

কাজী রওনাকুল ইসলাম টিপু আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকে বিদেশ থেকে দেশে ফিরে এখন অনেক বড় বিএনপি নেতা হিসেবে নিজেদের জাহির করতে চাচ্ছেন। তারা অনেকেই অতীতে বিএনপির মনোনয়ন না পেয়ে অন্যদলে যোগদান করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তারা এখন নাকি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এসব বিষয়ে দলের হাইকমান্ড অবগত রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অতীতেও দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। এবারও দলের কাছে মনোনয়ন চাইবো। বিএনপির দুর্দীনে মনোনয়ন প্রত্যাশীদের অবস্থান বিশ্লেষন করে মনোনয়ন দেওয়া হলে আমি শতভাগ নিশ্চিত দল এবার আমাকে বঞ্চিত করবে না।

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, বরিশাল-২ আসন থেকে আমাকে মনোনয়ন দেয়া হলে জনগণকে সাথে নিয়ে সবধরনের উন্নয়ন করা হবে এবং জনগনের প্রত্যাশা পূরণ করা হবে। একইসাথে গণঅভ্যুত্থানের ধারা অব্যাহত রেখে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার কাঙ্খিত সংস্কার করা হবে।

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী রওনাকুল ইসলাম টিপুর কাছে রাজনীতির সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।