খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

ছেলের গায়ের রং নিয়ে ট্রল-নোংরা মন্তব্য, ক্ষুব্ধ অভিনেত্রীর অভিযোগ দায়ের

বিনোদন ডেস্ক :
প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
ছেলের গায়ের রং নিয়ে ট্রল-নোংরা মন্তব্য, ক্ষুব্ধ অভিনেত্রীর অভিযোগ দায়ের

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ার ট্রলিং নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। বিষয়টি বেশ সংবেদনশীল। কারণ, মাত্র সাত মাসের ছেলেকে নিয়ে অশালীন ও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন তিনি।

দেবলীনা বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নানা সামাজিক ও সমসাময়িক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। স্বামী ও ছেলের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করতেও দ্বিধা করেন না। তবে সম্প্রতি ছেলেকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এবার সরব হলেন অভিনেত্রী।

দেবলীনার দাবি, তার ছেলের গায়ের রং নিয়ে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অশোভন মন্তব্য করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক স্ক্রিনশট শেয়ার করে দেবলীনা জানান, এখন পর্যন্ত তার ছোট্ট ছেলেকে নিয়ে ২০০০-এরও বেশি ঘৃণামূলক মন্তব্য করা হয়েছে।

এক স্টোরিতে দেবলীনা লিখেছেন, ‘এবার এদের প্রাপ্য চিকিৎসা দেওয়া হোক। সাত মাসের শিশুকে ট্রোল করে… রঙের কথা, ধর্মের কথা… একটা সীমা আছে। দয়াকরে আমাকে এই জাতীয় ট্রোলের স্ক্রিনশট এবং প্রোফাইল ডিএম করুন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করছি।’

এর আগেও দেবলীনা বারবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন। ২০২৩ সালে জিম ট্রেনার ও শিখ ধর্মাবলম্বী শানওয়াজ শেখকে বিয়ে করে নানা কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তখনও ট্রোলারদের জবাব দিতে পিছপা হননি তিনি।

সম্প্রতি স্বামী ও ছেলেকে নিয়ে একটি ছবি পোস্ট করেন দেবলীনা। তারপরেই একাংশ কটাক্ষ করে মন্তব্য করে, ‘বাচ্চা তো বাবার মতো দেখতে হয়েছে।’ এই মন্তব্যের জবাবে দেবলীনা লেখেন, ‘কেন? আপনাকে কি পাশের বাড়ির কাকার মতো দেখতে?’

বর্তমানে দেবলীনা ট্রোলারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছেন। তার অনুরোধ, যারা এ ধরনের ঘৃণামূলক মন্তব্য দেখতে পেয়েছেন, তারা যেন প্রমাণসহ তার ইনবক্সে জানান।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।