খুঁজুন
রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ, ১৪৩৩

ছাত্রলীগ সভাপতি থেকে কোটি টাকার মালিক অনুজ আচার্য্য

নেছারাবাদ প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
ছাত্রলীগ সভাপতি থেকে কোটি টাকার মালিক অনুজ আচার্য্য

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠুন আচার্য্য অনুজ। একসময়ের অভাবী পরিবার থেকে উঠে আসা এই যুবক বর্তমানে কয়েক কোটি টাকার মালিক বলে অভিযোগ উঠেছে। দৃশ্যমান কোনো ব্যবসা বা আয়ের উৎস ছাড়াই সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয়দের ভাষ্য, অনুজ আচার্য্য একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন। তাঁর বাবা প্রয়াত নারায়ণ আচার্য্য ছিলেন একজন সাধারণ মানুষ। পারিবারিক অভাবের কারণে একমাত্র বোনের বিয়েতে পিতাকে জমি বিক্রি করতে হয়েছিল। সেই অনুজই পরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে একের পর এক পদে আসীন হন। ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরে সভাপতি এবং একপর্যায়ে পৌর কাউন্সিলরও নির্বাচিত হন। বর্তমানে তিনি এলাকার প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হলেও তাঁর আয়-ব্যয়ের মধ্যে অসামঞ্জস্য রয়েছে বলছেন অনেকেই।

স্থানীয় সূত্রগুলো জানায়, ছাত্রলীগের পদ পাওয়ার পর থেকেই অনুজের অবস্থান পরিবর্তন হতে থাকে। তাঁর বিরুদ্ধে সালিস বাণিজ্য, বাসস্ট্যান্ড থেকে চাঁদা আদায়, টেন্ডার বাণিজ্য এবং মাদক নিয়ন্ত্রণের মতো অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, একটি কিশোর গ্যাং তাঁর হয়ে সক্রিয়ভাবে কাজ করে থাকে।

একটি স্থানীয় সমবায় সমিতির পরিচালক কৃষ্ণ কান্ত দাস বলেন, ‘অনুজ আচার্য্য কোনো চাকরি বা ব্যবসা করতেন না। একসময় ছাত্রলীগের পদ ব্যবহার করে আমার সমিতিতে ৭০ লাখ টাকা জমা রাখেন। সেখান থেকে চার বছরে সুদে-আসলে তিনি নিয়েছেন প্রায় দেড় কোটি টাকা। পরে আবার ৯ লাখ টাকা জমা রেখে আরও ৮ লাখ টাকা সুদও তুলেছেন। এখন শেষের ৯ লাখ টাকা হঠাৎ একসঙ্গে চাইছেন। আমাদের সমিতির আর্থিক সংকট চলছে বলে সেটা দিতে পারিনি। এতে তিনি আমার ওপর হামলা চালান।’

অনুসন্ধানে জানা গেছে, স্বরূপকাঠি পৌরসভার আচার্য্যপাড়ায় নিজের পুরোনো বসতঘর ভেঙে তিনতলা ফাউন্ডেশনের একটি বাড়ি নির্মাণ করেছেন অনুজ আচার্য্য। বাসায় বসানো হয়েছে দুই টনের এসি। বাড়ির সামনে রয়েছে একাধিক মোটরসাইকেল। স্থানীয় একটি সমবায় সমিতিতে তিনি প্রথম দফায় ৫০ লাখ এবং দ্বিতীয় দফায় ২০ লাখ টাকা জমা রাখেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া একই এলাকায় তিনি ১৬ লাখ টাকায় একটি বসতবাড়ি ও আড়াই শতক জমি কেনেন। বোনের বিয়ের সময় বিক্রি করা জমি তিনি পরে ১২ লাখ টাকায় কিনে ফেরত আনেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিঠুন আচার্য্য অনুজ বলেন, ‘আমার ও আত্মীয়দের নামে বর্তমানে ওই সমিতিতে প্রায় ৩৫ লাখ টাকা রয়েছে। অবৈধ কোনো ইনকাম নেই। আমি নিয়মিত আয়কর দেই—৫৫ লাখ টাকার সম্পদ, ২০ ভরি স্বর্ণ এবং দুটি মোটরসাইকেল আমার আয়কর নথিতে উল্লেখ রয়েছে।’

তবে তার দৃশ্যমান কোনো ব্যবসা নেই—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর মেয়ের নামে একটি ঠিকাদারি লাইসেন্স রয়েছে। কিন্তু লাইসেন্সটি কোন সালে ইস্যু হয়েছে এবং কোন প্রতিষ্ঠানের হয়ে কোথায় কাজ করছেন—এসব প্রশ্নের সন্তোষজনক জবাব তিনি দিতে পারেননি।

 

চরমোনাইয়ে ক্রয়কৃত জমি দখলের পায়তারা, বাধা দেয়ায় হামলা-ভাংচুর, গুরুতর আহত-১ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
চরমোনাইয়ে ক্রয়কৃত জমি দখলের পায়তারা, বাধা দেয়ায় হামলা-ভাংচুর, গুরুতর আহত-১ 
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৬নং রাজারচর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম বিপ্লব নামের একজন গুরুতর আহত হয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  জানা  গেছে, আহত আমিনুল ইসলাম বিপ্লবের পিতা মৃত: মকবুল হোসেন হাওলাদারের ৩০ বছর আগের ক্রয়কৃত সম্পদ দখলের চেষ্টা করে আসছে একই এলাকার ছত্তার মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও ওয়াহিদুল সহ আরও কয়েকজন। এ নিয়ে পূর্বে থেকেই একটি দ্বন্দ্ব চলে আসছে।
এর ধরাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৪ সালে একটি মামলা দায়ের করেন জমির মালিক আমিনুল ইসলাম বিপ্লব। মামলা দায়ের করার কারণে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ শহিদুল ইসলাম মোল্লা গং।  এ নিয়ে একাধিকবার শালিশ বৈঠকে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও মিমাংসা হয়নি। গত ২১ জুলাই চরমোনাই বিশ্বাসের হাট বাজারে বিপ্লবের সাথে কথাকাটি হলে এক পর্যায়ে বিপ্লবের বাড়িতে গিয়ে হামলা ও তার মায়ের গায়ে হাত তোলার চেষ্টা করে মোঃ শহিদুল ইসলাম মোল্লা ও ওয়াহিদুল সহ আরও কয়েকজন। খবর পেয়ে বাড়িতে গিয়ে এর প্রতিবাদ করলে বিপ্লবের উপর অতর্কিত হামলা চালায়। এসময় বিপ্লবের উপর কিল ঘুষি ও তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করলে বিপ্লব গুরুত্বর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
আহত বিপ্লব জানান, আমার বাড়ির কিছু লোকজন একত্রিত হয়ে আমার বাবার ক্রয়কৃত সম্পদ বহুদিন ধরে দখল করার চেষ্টা করে আসছে। এতে আমি বাধা দিলে বিভিন্ন সময় আমাকে গুরুতর জখম ও হত্যার হুমকি প্রদান করে। এ ঘটনায় আমি একটি মামলা দায়ের করি।  মামলার পরে আমাদের উপর পরবর্তীতে আবারও অতর্কিত হামলা চালিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার সমস্ত প্রমাণ থানা এবং কোর্টে দেয়া আছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য গত ২১ জুলাই ধার্র্য করা হলে আসামী পক্ষ আমাদের নানাভাবে ভয় ভীতি দেখায় এবং হত্যার হুমকি প্রদান করে। এক পর্যায়ে বাজারে কথার কাটাকাটি হলে আসামিপক্ষ আমাদের বাড়িতে গিয়ে ঘর ভাঙচুর করার চেষ্টা করে এবং আমার মায়ের গায়ে হাত দেয়ার চেষ্টা করে।
খবর পেয়ে আমরা বাড়িতে গেলে তারা সকলে আমাদের উপর হামলা চালায় এবং আমার উপরে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিপ্লব আরও জানায়, হামলাকারী শহীদুল ইসলাম মোল্লা ও ওয়াহিদুল ইসলাম মোল্লার নিক্ষেপ করা ইটে আমি আঘাতপ্রাপ্ত হই এবং বর্তমান চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি আছি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় দায়িত্বশীলদের কাছে এ বিষয়ে সুষ্ঠু ও উপযুক্ত বিচারের জোর দাবি জানাই।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।