খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

চাঁদার টাকা না দেওয়ায় শিক্ষক নেতাকে বিএনপির কার্যালয়ে আটকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
চাঁদার টাকা না দেওয়ায় শিক্ষক নেতাকে বিএনপির কার্যালয়ে আটকে মারধরের অভিযোগ

চাঁদার টাকা না পেয়ে এক মাদ্রাসা শিক্ষককে আটকে রেখে নির্যা তনের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। ৬ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভোলার চরফ্যাশনে মাওলানা রুহুল আমিন নামের এক মাদ্রাসাশিক্ষককে বিএনপির অফিসে আটকে মারধরের পর সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষক বর্তমানে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন।

ঘটনাটি ৩ আগস্ট উপজেলার দুলারহাটে ঘটলেও আজ শুক্রবার (১৫ আগস্ট) হাসপাতালে ভুক্তভোগী এসব তথ্য জানান।

এর আগে গত সোমবার (১২ আগস্ট) ভুক্তভোগী বাদী হয়ে মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে আসামি করে আদালতে একটি মামলা করেন। জাহাঙ্গীর স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান উপজেলার নুরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা মো. কবির কমান্ডার।

রুহুল আমিন চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় একটি ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, ৩ আগস্ট রাত ৮টার দিকে রুহুল আমিন অন্য ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে দেখা করতে দুলারহাট বাজারে যান। সেখানে শিক্ষকদের নিয়ে আবদুল্লাহ হোটেলে চা খাওয়ার জন্য বসলে বিএনপির নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন তাঁকে বলেন, ‘বিগত ১৭ বছর বহু টাকা আয় করেছ। এখন আমাদের ৬ লাখ টাকা চাঁদা দিতে হবে।’ চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে হোটেল থেকে টেনে বের করে লোহার রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন তাঁরা।

জানতে চাইলে মাওলানা রুহুল আমিন বলেন, ‘পরবর্তী সময়ে দুলারহাট স্থানীয় বিএনপির অফিসে নিয়ে আমাকে আটকে রেখে আবারও পিটিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে এবং হত্যার হুমকি দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে। আমার কাছ থেকে ৩টি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাত অনুমান সাড়ে ৩টার দিকে ছেড়ে দেয়। তাদের মারধরে গুরুতর অসুস্থ হলে স্থানীয়রা আমাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।’

রুহুল আমিন আরও বলেন, ‘আমি এখনো হাসপাতালে ভর্তি রয়েছি। বিষয়টি রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিক্ষক সমিতির নেতাদের জানিয়ে আদালতে মামলা করি। আমাকে মারধর ও অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে, আমি জাহাঙ্গীরের কঠিন বিচারের দাবি জানাচ্ছি।’

‎অন্যদিকে অভিযুক্ত মো. জাহাঙ্গীর বলেন, ‘আমার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় কয়েকটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিওভুক্ত, নবায়নসহ বিভিন্ন অজুহাতে ৬ লাখ টাকা নিয়েছেন মাওলানা রুহুল আমিন। কিন্তু কোনো প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত এবং নবায়ন করতে পারেননি।’ তাই তাঁর কাছে টাকা ফেরত চাই। সেই টাকা দিই, দিচ্ছি বলে টালবাহানা করতে থাকেন। ৩ আগস্ট দুলারহাট বাজারে তাঁকে পেলে টাকা দেবেন বলে স্বীকারোক্তি দেন এবং তার পরদিন টাকা দেবেন বলে স্ট্যাম্পে স্বাক্ষরও দেন তিনি। যেহেতু তিনি আদালতে মামলা করেছেন, তার জবাব আমি আদালতে দেব।’

‎‎এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। মাওলানা রুহুল আমিন থানায় অভিযোগ করেননি। যেহেতু আদালতে মামলা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।