খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

চরবাড়ীয়া ভাঙ্গার পাড়ে পর্যটকদের ঢল, যানজটে দূর্ভোগ

রাসেল হোসেন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
চরবাড়ীয়া ভাঙ্গার পাড়ে পর্যটকদের ঢল, যানজটে দূর্ভোগ

বরিশাল শহরের অদূরে চরবাড়ীয়ার ভাঙ্গার মাথা এলাকায় সম্প্রতি গড়ে উঠেছে বেশ কিছু রেস্টুরেন্ট। এসব রেস্টুরেন্টকে কেন্দ্র করে প্রতিদিন হাজারো ভ্রমণপিপাসু ও পর্যটকের সমাগম ঘটে। খাবারের স্বাদ নিতে ও নদীর পাড়ের মনোরম পরিবেশ উপভোগ করতে দলে দলে মানুষ ছুটে আসছে এ এলাকায়। এতে এলাকায় কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে। কিন্তু সরু সড়ক ও অপরিকল্পিত যান চলাচলের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকদের। বিশেষ করে ছুটির দিনে ও সাপ্তাহিক ছুটির বিকেলে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ।

বিকেল থেকে রিকশা, সিএনজি, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ কয়েকগুণ বেড়ে যায়। এতে দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকে। ছুটির দিনে যানজট ভয়াবহ আকার ধারণ করে। যাতায়াতের জন্য স্থানীয় বাসিন্দাদের সড়কটি একমাত্র পথ হওয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সও এই জটের শিকার হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়। কর্মস্থল থেকে বাড়িতে ফিরতে ভোগান্তি পোহাতে হয়। একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রেস্টুরেন্ট মালিকরা ব্যবসা করছেন, কিন্তু আমাদের জীবনযাত্রা নষ্ট হয়ে যাচ্ছে। গাড়ির হর্ন আর ধুলোবালিতে পরিবেশও খারাপ হচ্ছে।”

রেস্টুরেন্ট মালিকরা অবশ্য দাবি করেছেন, পর্যটকদের সুবিধার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। সরু সড়ক আর পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সমস্যা বাড়ছে বলে তারা স্বীকার করেছেন।

এদিকে পর্যটকরা জানান, সুন্দর পরিবেশে সময় কাটাতে এলেও যানজটে আটকে থেকে আনন্দ মাটি হয়ে যায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, রেস্টুরেন্ট ব্যবসার মাধ্যমে স্থানীয় অর্থনীতি চাঙা হলেও এ সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সমাধান হিসেবে তারা নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা, ট্রাফিক পুলিশ মোতায়েন এবং দীর্ঘমেয়াদে সড়ক প্রসারণের পরামর্শ দিয়েছেন।

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইকবাল হাসান বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পর্যটন এলাকা হিসেবে যেসকল সুযোগ সুবিধা দেয়া প্রয়োজন সেগুলো দিতে আমরা কার্যক্রম গ্রহণ করবো।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।