খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার

চরফ্যাশন প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে মাঠ-ঘাট, ফসলি জমি, মাছের ঘের, পুকুর ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ঘরবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চরমানিকা, রসুলপুর, জাহানপুর, হাজারীগঞ্জ, মাদ্রাসা ও নজরুল নগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের পানি বেড়ে চরকুকরি-মুকরি, ঢালচর ও মুজিবনগর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বসতঘর ও রাস্তা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ।

ঢালচর ইউনিয়নের বাসিন্দা মো. মনির বলেন, ‘আমাদের চরে কোনো বেড়িবাঁধ নেই। অনেকের ঘরবাড়ি জোয়ারের পানিতে ডুবে গেছে। আশ্রয়ণের ব্যবস্থাও নেই। আতঙ্ক নিয়ে সময় পার করছি। দিনে কোনো রকম চললেও রাতটা কীভাবে কাটবে, সেই চিন্তায় আছি।’

চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিক বলেন, ‘মেঘনার পানিতে বসতবাড়ি তলিয়ে গেছে। চলাচলের রাস্তাও ডুবে থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে। দুপুরে রান্নাও করতে পারিনি। এখন জোয়ারের পানি কিছুটা কমলে রান্না করব।’

এ বিষয়ে চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড-২-এর (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদ-নদীর পানি বেড়েছে। ফলে চরফ্যাশনের কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। তবে পরিস্থিতি আমরা সার্বক্ষণিক নজরে রাখছি। ২৮ জুলাই পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চরফ্যাশনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া।

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।