খুঁজুন
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ়, ১৪৩৩

ঘুষ ছাড়া কোনো কাজই হয় না বাউফলের ভূমি অফিসে

বাউফল প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
ঘুষ ছাড়া কোনো কাজই হয় না বাউফলের ভূমি অফিসে

পটুয়াখালীর বাউফলে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে ঘুষ বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। অনেকে ভূমি রেকর্ড অন্তর্ভুক্ত করতে দালালদের মাধ্যমে সেটেলমেন্ট কর্মকর্তাদের টাকা দিতে বাধ্য হচ্ছেন বলেও জানা গেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাউফল ভূমি অফিস প্রাঙ্গণে এক নারীর থেকে ঘুষ গ্রহণের সময় রাব্বি নামে এক দালালকে হাতেনাতে ধরে ফেলেন ঢাকা পোস্টের প্রতিবেদক। তবে কর্মকর্তাদের সহযোগিতায় ওই দালাল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

ভুক্তভোগী কেসমতআরা বেগম বলেন, “জমিজমার কাজ করতে এসে আমাদের দালালদের মাধ্যমে টাকা দিতে বাধ্য হতে হয়।” তিনি এ সময় ঘুষের টাকাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন। অনেকে জানান, জরিপ কার্যক্রমের প্রতিটি ধাপে, এমনকি জমি রেকর্ডভুক্ত করতেও ঘুষ দিতে হচ্ছে। অভিযুক্ত রাব্বি নিজেকে ভূমি জরিপের প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করলেও, অফিসে তার নিয়মিত কাজ কী—সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে অফিস সহকারী রেজাউল করিম বলেন, রাব্বি তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন, তবে তিনি ঘুষ লেনদেনের বিষয়টি খেয়াল করেননি।

ভারপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, “এই মৌজা আমার অধীনে না। আমি শুধু সাংবাদিকদের পরিচয় জানার জন্য ডাকছিলাম।”

উপজেলা সেটেলমেন্ট অফিসার আতিউর রহমান বলেন, “রাব্বি আমার ডিপার্টমেন্টের বদনাম করেছে। তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।” তবে দালালরা কীভাবে দীর্ঘদিন ধরে অফিসে এমন কাজ চালিয়ে আসছে, সে প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব তিনি দিতে পারেননি।

এ বিষয়ে জেলা সেটেলমেন্ট অফিসার নুসরাত জাহান খান জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর রাব্বির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি কল কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।

 

বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বেতাগীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বেতাগী প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে বরগুনার বেতাগীতে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ বিতরণের মধ্য সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি পালিত হয়।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, বিবিচিনি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।

দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান আল বাসার। অনুষ্ঠানে অর্ধশত উপকারভোগীর মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন খন্দকার।  এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা জানা যাবে বৃহস্পতিবার। এদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এ ছাড়া এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।